হেসে উড়িয়ে দেবেন না প্লীজ!!
ভিক্ষুক-কে ভিক্ষা দিয়ে তার কতটুকু উপকার করতে পারি আমরা? কিংবা যে ভিক্ষুক তার-ই বা হাত পেতে ভিক্ষা নিতে কেমন লাগে বলেন তো?
একটা স্বপ্ন দেখছি আমি, মুখে মুখে শেয়ার করেছি অনেকের সাথে। সাহস করে লিখে ফেলি আজ ব্লগে? হাসবেন না তো?
আমি স্বপ্ন দেখি দেশে সবাই সবাই সব্বাই হবে "কর্মজীবি"। একজনকেও "ভিক্ষা করতে হবেনা।
আমরা মাঝে মাঝে ভিক্ষুকদের ব্যঙ্গ করি "কাজ করে খেতে পারোনা?" ব্যস এইটুকু বলেই শেষ। আমি গত শুক্রবার বাজারে গিয়ে এক মহিলা কে শুনলাম এমনটা বলতে, গিয়ে বল্লাম "আপা চলেন ওকে এখনি একটা কাজ দেই। কাজ করে ও পয়সা পাবে। এক টাকা দুইটাকা না, ২০ টাকা।" সেই মহিলা আমার দিকে কটমট করে তাকিয়ে চলে গেলেন। এর পর আমি ফাঁইসা গেলাম। পরিচিত দোকানদার এবং ভিখারিনী নিজেই আমাকে চেপে বসলো। আমি জিগাইলাম "বাসার কাজ করবা?" সে বলে তার হাতে সময় কম ঘরে বাচ্চা। শেষে দোকানদার গুলো কে বল্লাম "ওনারে একটা ঝাঁটা আইনা দ্যান। এই এলাকাটা পরিষ্কার করে দিক।" মহা উদ্যমে একটা ঝাঁটা আনা হলো। আমি ক্লাস মনিটরের মত তাকে এরিয়া ডিফাইন করে দিলাম, সে ঝাঁটা দেওয়া শুরু করলো। আমার তাড়া ছিল তাই এক দোকানিকে ২০ টাকা দিয়ে আসলাম কাজ শেষ করে তার হাতে দিয়ে দেওয়ার জন্য। আরো বল্লাম প্রতিদিন যেন ওনারা চাঁদা করে এই টাকা উঠিয়ে ওর হাতে দেন, কাজের বিনিময়ে অবশ্যই।
আমি এক ছাত্র পড়াই ক্লাস ফাইভের। তাকে সেদিন বল্লাম ঘটনাটা। এবং বল্লাম এই স্টোরিটা সে যেন এক বন্ধুর কাছে পত্র হিসেবে লিখে ফেলে। ওর সাথে বাংলাদেশের দারিদ্র এবং আমাদের দায়বদ্ধতা নিয়ে অনেক আলোচনা হলো। পরেরদিন ছাত্র এসে বল্লো সে তার আরো বন্ধুদের মাঝে ব্যাপারটা আলোচনা করেছে। তারা ঠিক করেছে তারা এবার থেকে বাসার সামনে ফুটপাথটা একজন ভিক্ষুককে দিয়ে পরিষ্কার করাবে যেন টাকা টা তার ন্যায্য পাওনা হিসেবে সে দাবী করতে পারে, কারো দয়া হিসেবে ভিক্ষে করে নয়।
দৈনিক যদি দুইজনকে আমি ২ টাকা করে ভিক্ষা দেই তাহলে বছরে ১৪৪০ টাকা হয়। এই টাকা তিনজনকে এককালীন দিয়ে দিলে তারা তিনটা স্কুলের সামনে দাঁড়িয়ে ঝালমুড়ি বেচার ব্যবসা করতে পারে। ব্যস, আমি তো এইভাবে তিনজন ভিক্ষুক কমিয়ে দিতে পারি।
তবে হ্যা, ভিক্ষা করার অপশন তো তার কাছে খোলা থেকে যাচ্ছে। সে আমার দেওয়া টাকাটা খেয়েদেয়ে আবার ভিক্ষায় নেমে যেতে পারে কারণ আমি শুনেছি ভিক্ষাবৃত্তিতে অনেক ইনকাম। সেই ইনকামের রাস্তা যদি বন্ধ না হয় তবে ভিক্ষুক তো কাজ করতে চাইবেনা। তাহলে কী করা যায়? আমি যেহেতু আমার ভিক্ষাদানের বাজেট খরচ করে ফেলেছি, আমি সারাবছর ওদের আর ভিক্ষা দেবনা। ভিক্ষা না-পেলে ওরা বাধ্য হবে "ইনকাম" করতে।
আমি একজন মানুষ নাহয় এই কাজ করলাম। কিন্তু বাকিরা? তারা তো খুচরা ভিক্ষা দিতেই থাকবে, দিতেই থাকবে। বছরশেষে পরিসংখ্যান নিলে দেখা যাবে ৩৬৫ দিনে কেউ কেউ ১০০০০ এরও ওপরে ভিক্ষুককে ভিক্ষা দিয়েছেন। কিন্তু অতজন ভিক্ষুক কিন্তু ভিক্ষুকই থেকে গ্যাছে। তাদের পেট চালাতে হলে সামনের বছরেও ভিক্ষা ছাড়া গতি নেই।
আমি কি আমার স্বপ্নটা বোঝাতে পেরেছি? আমরা যদি সরকারকে ব্লেইম করে করে জীবন পার করে দেই, লাভ কি হবে? সরকারের সাহায্য ছাড়াই নিজের ঘর যদি গুছিয়ে রাখতে পারি, একটা ৬ তলা বিল্ডিং এর সব প্রতিবেশি মিলে যদি সেটাকে সুন্দর রাখতে পারি তবে "নিজেদের দেশ"টাকে কি পারবোনা গুছাতে? ট্রাফিক সিগন্যালে আমার বাচ্চাদের কাছে মাথা হেঁট হয়ে যায়, এভাবে যদি ভিক্ষুক-নিমজ্জিত দেশের কালিমা মুছতে পারি...
চেষ্টা করবেন একটু??

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



