জ্বালাতনে উৎপাতে ভরা ঘর-খানা
আছে মোর মাশাল্লাহ্ তিন ছানাপোনা।
নিজ নিজ ভূমিকায় আলাদা সবাই
একসাথে এর চেয়ে ভালো টীম নাই।
টার্গেট একটাই; আমাকে জ্বালানো
সারাদিন অবিরাম; ক্লান্তি নেই কোনও।
দু'বছর পার হয়ে আরও একমাস
খানা বাদে সবতাতে মহা উল্লাস!
সারাদিন ওর পিছে মরি মাথা কুটি
এঘর-ওঘর শুধু খাওয়া নিয়ে ছুটি।
বলে তার খিদে নেই, খাওয়া আজ শেষ...
দাও যদি চিপ্স-কোক; সেটা লাগে বেশ।
ছোটমেয়ে দুরন্ত, শুকিয়ে সে কাঠি।
এরি টেনশনে মোর জীবনটা মাটি।
বড়মেয়ে সাড়ে পাঁচ; পন্ডিত ভারী
পাকামিতে হার মানে থুথ্থুরে বুড়ী।
পছন্দমত তার সব হওয়া চাই।
স্কুলে গেলে মিস্ বলে পাঠে মন নাই।
ছোটটার সাথে দিনভর মারামারি
এই দেখি ভাব, আবার এই দেখি আড়ি।
স্কুলে তার শত ফ্রেন্ড, খুব পপুলার
ফোনে মোর প্রতিদিন টাকা ভরা সার!
৩০ পেরিয়ে আছে আরো একজনা
বাকী দুইটার সাথে হয়না তুলনা।
ভাবো আমি ব্লাফ দেই, শুধু মিছে বলে?
এই বাচ্চাটা হোল শাশুড়ীর ছেলে।
ওর কথা বলে শেষ করা যাবেনা...
অন্যের ছেলে-পালা বড় যন্ত্রণা !
নিজেরগুলোকে রাখি কড়া শাসনেতে,
পারিনা কেবল এই বুড়াটার সাথে।
শাশুড়ী তো ভাবে তার ছেলে সাচ্চা...
বয়সটা বেশী তবু সে তো বাচ্চা।
জ্বালাতনে উৎপাতে ভরা ঘর-খানা;
আছে ঘরে দুরন্ত তিন ছানাপোনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


