আমি ভালই রান্না করি।
ছোট্ট থেকেই রান্নাবাটি খেলে,
সাথে নিয়ে পাড়ার ছেলে-পেলে,
গাছের পাতা, পথের ধূলোর ভাত-মাছ-তরকারি
রেঁধেছি সব নিজে।
ফর্দ লিখে দিতাম যাতে বাজার নাহয় ভুল
সেকাজ করতো পাশের বাড়ির কালাম কিংবা আবুল।
খেয়াল করতাম সবদিকেই, ঘরের কর্ত্রী সেজে।
স্বপ্ন ছিল নিজের কিচেন হবে।
ঘরের মানুষ, মেহমানেরা, আমার রান্না খাবে।
রান্না রান্না খেলা আমার সাঙ্গ হলো সেদিন
চুলোর আঁচে হাতে প্রথম ছ্যাঁকা খেলাম যেদিন।
সত্যিকারের রান্নাঘরের কর্ত্রী হলাম আমি
চুলা, বটি, ডেকচি বাসন সবই আমার দামি।
সখের রান্না এখন আসল, স্বপ্ন সত্যি হলো।
কিন্তু পাড়ার ময়না-আবুল... বন্ধুরা কৈ গেলো?
রান্না হচ্ছে, খাচ্ছে সবাই, করছি আমি হেলা।
নিত্যদিনের রাঁধুনীর কাছে নয়তো এটা খেলা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


