ছেলেটি হাঁটছে।বড় ধরনের একটি ব্যাগ তার কাঁধে। সে হাঁটে, একাকী। আর দশটা ছেলের সাথে এর তফাৎ পাওয়া যাবে না। কিছুটা আত্ম প্রত্যয়ী। চোখ দুটো যেন তমশাবৃত রাত পেরিয়ে ভোরের সূর্য। কি এক অজানা সংকল্পে সে দৃঢ় প্রতিজ্ঞ। হাঁটে আর দিগন্তের দিকে তাকিয়ে আপনমনে হাসে। নিজেকে উৎসাহ দেয়। সম্ভবতঃ কিছুটা ক্লান্ত!
যেতে যেতে তার দেখা এক সোনালী মেঘের সাথে। মেঘ বললো, "দিগন্ত পেরিয়ে ঐখানে, যেখানে মেঘেরা সুগন্ধী বৃষ্টি ঝরায়, যাদের আলো ছায়ার খেলায় পৃথিবী হয় মুগ্ধ, ওদেরকে বলো আমরা ভালো নেই। এখন আর আমার বৃষ্টিে কচি সবুজ চারারা বেড়ে ওঠে না। বৃষ্টি মাটিতে পড়ার আগেই গরমে বাস্প হয়ে যায়।" হঠাৎ কি মনে হতে সে বললো, "তুমি কি ওখানে সত্যিই যাবে?"
ছেলেটি হাঁটতে হাঁটতে মৃদু হেসে বললো, "হয়তো!" আবার সে দিগন্তে তাকালো।
এবার তার সাথে দেখা হলো একটি হলদে পাখির। পাখিটি ওকে দেখতে পেয়ে আনন্দে কিছুক্ষণ কিচির মিচির করে নিলো। তারপর একটু যেন আহত স্বরে ছেলেটিকে বললো, "যেখানে পাখির সুরে সবার ঘুম ভাংগে, যেখানে পাখির কলরবে মুখরিত হয়ে ওঠে পৃথিবী, শান্তির প্রতীক এই আমরা যেখানে অভয়ারণ্যের মতো নিরাপদে থাকি, তুমি কি তাদের বলতে পারবে যে, আমরা ভালো নেই? এখন আর আমাদের সুরে গান হয় না, সবার ঘুম ভাংগে গাড়ীর হর্ণে, পৃথিবী মুখরিত হয় বীভৎস যান্ত্রিক কলরবে, আমাদের বেধে রাস্তায় রাস্তায় বিক্রি করা হয়"। পাখিটা এক নিশ্বাসে বলে একটু দম নিলো।
তারপর সন্দিগ্ধ স্বরে বললো, "তুমি কি সেখানে পৌঁছাতে পারবে?" ছেলেটি করুণ হাসে,বলে, "হয়তো"।
আবার সে দৃপ্ত পায়ে হাঁটে। জোরেও নয়, আস্তেও নয়, একই তালে সবসময়...
পথের বাঁকে দেখা তার এক মানুষের সাথে। মানুষটি যেন সুস্বাস্থ্যের বাতায়নে ভেঙ্গে পড়া কাঠামোর প্রতিচ্ছবি। মানুষটির নিস্প্রভ চোখ তাকে দেখতে পাওয়া মাত্র যেন উজ্জ্বল হয়ে উঠলো। বললো- "যেখানে মানুষ মানুষকে ভালোবাসে, জীবন চলে নিরুদ্রপ, শ্রমক্লান্ত দিন শেষে মেতে ওঠে নিঃসীম আনন্দে, যাদের মাঝে ধনী গরীবের করুণ ভেদাভেদ নেই, তুমি কি তাদের কাছে যাচ্ছ? তুমি কি ওদের বলতে পারবে আজ আমরা এখানে ভালো নেই, মানবাধিকার আজ শুধু শব্দেই প্রকাশিত, আজ কারো যেন কোন বিকার নেই, খুন, রাহাজানি, ঘুষ গ্রহন আজ অত্যন্ত স্বাভাবিক ব্যাপার। শক্তিমানরা সম্পদের লোভে মিথ্যে অজুহাতে আজ দুর্বলের সামান্য ধন কেড়ে নিতে পিছপা নয়। ভালোবাসা আজ আর বুকের মাঝে অনুভূত কোন সুখের পোকা নয়, শারিরীক চাহিদার বাতাবরণে হারিয়ে গেছে আবেগ। তুমি কি এ কথাগুলো ওদের কাছে পৌঁছতে পারবে?
ছেলেটি অসহায় মুখে বলে, "হয়তো! আমাকে যে পারতেই হবে"
ছেলেটি এগিয়ে যায় নিঃসীম অনন্তের অভিমুখে। পেছনে তার সোনালী মেঘ, হলদে পাখি, নিস্প্রভ চোখের মানুষটি দুচোখে স্বপ্নীল কল্পনার জাল বুনে আশায় থাকে। দিন যায় আর সবাই বলে, "ছেলেটি এতদিনে পৌঁছে গেছে"। শুন্যতার হাহাকার বলে ওঠে, "হয়তো... ...."
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০১০ রাত ৩:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


