আজ শনিবার এস এস সি পরীক্ষার রেজাল্ট বের হয়েছে। টেলিভিশন খুললেই অনন্দ আর উচ্ছাসের ছবি। ছাত্র-ছাত্রীরা আঙ্গুল উঁচিয়ে বিজয়ের চিহ্ন দেখাচ্ছে। মিষ্টি খাচ্ছে। হাত ধরাধরি করে নাচছে। দেখে ভালো লাগে। পরক্ষনেই মন খারাপ হয়ে যায়। যারা ফেল করেছে তাদের কথা মনে পড়ে। আমার বন্ধু মানিকের কথা মনে পড়ে। যে কমলাপুর রেলষ্টেশনে বিস্কুট বিক্রি করে। ওর বাবা বলেছিলো ফেল করলে ওকে আর পড়াবেনা। মানিক প্রতিদিন সকাল ছয়টায় উঠে গরুর পরিচর্যা করতো। গরুর দুধ দোয়াতো। এরপর দুধের বালতি মাথায় নিয়ে চাষাড়া রেলষ্টেশনে গিয়ে দুধ বিক্রি করতে বসতো। সকাল দশটা পর্যনত্ম এখানে বসতে হতো। এরপর বাসায় ফিরে,খেয়ে গোসল করে স্কুলে। স্কুল থেকে ফিরে আবার গরু নিয়ে ঘাস খাওয়াতে যাওয়া, ফ্যান যোগাড় করা, খইলভুসি মেশানো। সাড়াদিনের কাজকর্মের পর রাতে পড়ার সময়। কোন ব্যাচ বা গৃহশিক্ষকের কাছে পড়তে যাওয়ার ব্যবস্থা ছিলোনা। মা-বাবাও পড়াশোনা জানতেন না। যা কিছু সাহায্য বন্ধুদের কাছ থেকে। প্রায়ই মানিক স্কুলে আসতো মন খারাপ করে। সাড়াদিন কাজকর্মের কারনে রাত আটটার মধ্যে ওর ঘুম পেয়ে যেতো। ফলে পড়াশোনা করতে পারতো না। স্কুলেও তাই পড়া পারতো না। সেটা বুঝেই আগে থেকে তার মন খারাপ থাকতো। ওর বাবা বলে দিয়েছিলো এস এস সি একবারে পাশ না করলে ওর লেখা পড়া বন্ধ। তাই হয়েছে। ও পাশ করতে পারেনি। এরপর থেকেই ও কমলাপুর রেলষ্টেশনে বিস্কুট বিক্রেতা।
যারা আজ পরীক্ষায় ভালো করেছে এদের বসবাস কোথায়? বেশিরভাগ শহরে। এবারের এসএসসি পরীক্ষায় নারায়ণগঞ্জে মোট সাতশ উনত্রিশ জন জিপিএ ফাইভ পেয়েছে। ২৭১ টি জিপিএ ফাইভ শুধু নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রের নয়টি স্কুলের। জেলা প্রশাসনের এক কর্মকর্তা জানালেন, নারায়ণগঞ্জ জেলার বেশিরভাগ জিপিএ পেয়েছে নারায়ণগঞ্জ শহর,ফতুল্লা, আর সিদ্ধিরগঞ্জের স্কুলগুলি। এ এলাকা নারায়ণগঞ্জের সবচেয়ে বেশি অর্থ প্রবাহের যায়গা। দেশের কারা জিপিএ ফাইভগুলি পেয়েছে? খোঁজ নেয়া যেতে পারে। আমার দৃঢ় বিশ্বাস এগুলি শহরাঞ্চল বিশেষ করে যেখানে অর্থের প্রবাহ বেশি সেখানেই জিপিএ বেশি হয়েছে। ফেল করেছে কারা বেশি? নিশ্চই যেখানে অর্থের প্রবাহ কম, বা গ্রামের স্কুলগুলি। কারণ শিক্ষা এখন অনেক বেশি অর্থ নির্ভর। গ্রামীণ অর্থনীতিকে শহরের চাকচিক্যের অর্থনীতির সাথে মেলানোই যাবেনা। গ্রামের ছেলে-মেয়েরা অনেক কষ্ট করে পড়াশোনা। শিক্ষকদের সংসারও চলে অনেক কষ্টে। একজন দু'জন এ কষ্ট সাজিয়ে আনন্দ করে নেয়। উঠে আসে সেরাদের নামের তালিকায়। বাকিরা উঠে আসে না। ফেল করে। পড়াশোনা বন্ধ হয়ে যায়। ছাত্রের দোষ পড়ে। স্কুলের দোষ পড়ে। গ্রামের, উপজেলার দোষ পড়ে। সবাই দোষারোপ করে দায় সাড়ে। কেউ গোড়ায় যায় না। গোড়ায় গলদ রয়ে যায়। গ্রামে গ্রামে মানিকের ছড়াছড়ি হয়।#
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০১০ রাত ১০:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


