মনে পড়ে
একদিন আকাশ আঁধার হয়ে তুমুল ঝড় উঠেছিল
আমাদের ঘিরে উড়তে থাকা প্রজাপতি আর
ছুটে বেড়ানো কাটবিড়ালি হুটোপুটি লুকিয়ে পরল মেঘগর্জনে
বিদ্যুতের সোনালি ঝালর-চমক আকাশ জুড়ে
নীল জল ধূষর বরণ রূপালী ঝিলিকে উচ্চাঙ্গ নৃত্যের ছন্দ তুলে ছিল।
শুধু আমরা দুজন সবুজ ঘাসে বাতাসের ঝাপটায় বসে
ডুবে যাচ্ছিলাম চেরীফুলের সাদা গোলাপী পাপড়িতে,
দেখছিলাম অপরূপ সুন্দরের ক্যাম্পাস আর ধুয়ে যাচ্ছিলাম বৃষ্টিধারায়।
আমাদের একবারো উঠে যেতে ইচ্ছা করেনি
আমরা ভিজেছিলাম বিকেল জুড়ে সবুজ ঘাসের গালিচা বনে।
রক্তরাগ সূর্য সন্ধ্যা ভেলায় সরোদ আর ভ্যায়লিনের কম্পোজ
ইথার কাঁপনে...জেগেছিল রংধনু
মনে আছে
একদিন লং ড্রাইভে হারিয়ে যেতে যেতে
বৃষ্টি মাথায় থেমেছিলাম দূর গায়ের এক কফিশপে
কাঁচ ঘেরা কোনার ছোট্ট টেবিলে বসে সবুজের স্নান দেখে
আনমনা আমরা বসে ছিলাম গালে গাল ঠেকিয়ে
বয়সের ভারে নুয়ে যাওয়া বৃদ্ধা থমকে
দেখছিল আমাদের মুগ্ধ দৃষ্টিতে আর বলেছিল,
সো সুইট.. নাইস ক্যানভাস
শিল্পীর আঁকা এক ছবি হয়েছিলাম আমরা।
প্রকৃতিই পারে এমন রঙের উপর রঙ ছড়াতে
ক্যানভাসের ভিতর ক্যানভাস আঁকতে মূর্ত শিল্প
হৃদয়ের জানালা খুলে দিতে।
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ২:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


