এই খোলা জমিনে আঁকা ক্যানভাস সবুজ নীল হলুদের সমাহার
এ তোমাকে ভালোবাসায় মায়ায় বাঁধেনা,
চোখ তুলে তাকানোর সময় কই?
জীবন যাপনের তাগিদ, পিঠের ব্যাথায় কুঁজো করে তুলেছে
তোমাকে এই নব যৌবনে।
তুমি তবু আপ্রাণ চেষ্টা করছো মাথা তুলে দাঁড়াবার
একবার সোজা হতে পারলেই
স্বপ্নভোগ মরালী ডানায় উড়াবে অনন্তসময়।
উজ্জ্বল আলোর আহ্বানে তুমি ছুটে চলেছো অবিরাম
ভালোবাসার ঘাম ঝরিয়ে নিবেদিত প্রাণ।
তোমার কুঁজ পিঠ আরো কুজোঁ করে দেয়ার যাঁতাকলে
মাথা দিয়ে চলেছো সামনের দিকে
তুমি জানোনা! তোমার স্বপ্নগুলো বেঁধে ফেলে
তারা পূরণ করছে নিজেদের লালিত সাধ
গড়ছে সৌধ অট্টালিকা সাততারা মহল।
প্রতিনিয়ত যাঁতাকলের পেশনে, ক্ষয়ে যাচ্ছে
তোমার স্বপ্ন, শ্বাস,আনন্দ প্রতিপলে।
সামনে এগুনোর পথ বন্ধ, সোজা হয়ে দাঁড়াবার পথ বন্ধ
পেছনে ফেরাও যাবেনা।
শুধু ঘুরে যাওয়া র্ঘূণিচক্রে একসময় ফুরিয়ে যাবে
হৃদয়ের আকুল গান উচ্ছাস।
খুকখুক কাশির সাথে পাংশু লোলর্চম বৃদ্ধ শরীর,
অবাক বিষ্ময়ে দীর্ঘশ্বাস ফেলে পিছনে দৃষ্টি ফেলে
খুঁজে যাবে যৌবন।
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০১২ রাত ১:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


