যদি ইশ্বর এসে বলতেন,
তোমাকে স্বর্গের সব নর্তকীদের দেবো,
অনন্তকালের জন্যে,
যদি তুমি শিরিকে ত্যাগ করো,
আর লুসিফার এসে বলতো,
তোমার আত্মার বিনিময়ে,
এক পলকের দেখা দেয়াতে পারি শিরিকে।
তখন কি ফরহাদ,
লুসিফারের প্রস্তাবেই হাত মেলাতো না?
আর যদি লাইলীকে বলা হ'ত,
মজনুর মাথার
একগোছা চুলের বিনিময়ে,
সদ্য বয়সন্ধির
সব সুন্দর কিশোরগুলো,
শুধু তারই দেহগত
যাচ্ঞা করবে,
লাইলী কি সে চুলের গোছাকে
মুঠো থেকে মুক্ত করতো?
বোধ হয় না।
তাই যদি হয়,
তা'লে কালা কেন শ্রীকৃষ্ণ হয়ে
অর্জুনকে ভাতৃঘাতী যুদ্ধে উদ্ধুদ্ধ করলেন?
রাধার প্রেমের উষ্ণতাকে
ছেড়ে ছুঁড়ে?
হেলেনের চেয়ে কে বেশী কিছু
দিতে পারতো প্যারিসকে?
গোল্লায় যাক শান্তি,
ঐশ্বর্য্য আর অপার ক্ষমতা।
প্রেম তো কালাতীত,
মনুষ্যগ্রাহ্য প্রাণাতীত আকুতি।
ড্যাফনি আমাকে কী
বর দিয়েছিলে?
হরিন না কিশোরী শিকার করার?
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০১১ ভোর ৬:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




