আমার উচ্ছাসে তোমার অস্বস্তি
আমার প্রেমে তোমার অন্ধ ক্রোধ
আমার স্তুতিতে তোমার অনীহা
আমার অনুরাগে তোমার বিরাগ।
আমার অবগাহনে তোমার বিরক্তি
আরেকটু বেশী হ’লেই আনফ্রেন্ড করতে
আমি তাহ’লে তোমার নতুন আপডেটগুলো পড়তে পেতাম না,
দেখতে পেতামনা
অতি বিরল তোমার নতুন ছবি ক’টি।
গ্রীষ্মের প্রলম্বিত খরদাহ শেষে
এক পশলা বৃষ্টির মতই
তোমার ভাব করা
ছোট্ট নামটিতে ডাকতে দেয়া।
যে মূহুর্তে দিলে
অসহ্য আনন্দে চিৎকার করে
লাফ দিয়েছিলাম,
চেয়ারটা উলটে গ্যাছিল
নতুন প্রকল্পের দলনেতা ও দপ্তর সহকারী দৌড়ে এসেছিল
তাদেরই সামনে করতল দিয়ে ছুঁয়েছিলাম কড়িবর্গা।
কন্যাগো, এত্তো প্রিয় কেন তুমি?
কেন দিলে ডাকতে
ছোট্ট ঐ নামটিতে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

