একদিন তোমার কাছে যেতে চেয়েছিলাম
যদিও পথ ছিল বন্ধুর
সাঁওতালী মেয়েরা খোঁপার মালা ছুঁড়ে ফেলেছিল জঙ্গুলে পাহাড়ে
সেখান থেকে বাতাস শোঁ শোঁ শব্দে খুলে ফেলেছিল বসন
আমি শুধু নির্নিমেষ চেয়েছিলাম জুম ক্ষেতের শালিকটির দিকে।
তারপর? তারপর আমার কথা ফুরালো, নটে গাছটি মুড়ালো
না, না কথা তো ফুরায়নি---
জলের গন্ধ ভালবাসতাম বলে শাপলা ডাঁটা চিবিয়েছি কতদিন
তোমাকে ভেবেই কার বুকে মাথা রেখে ঘুমিয়েছি, মনেও পড়েনা
আসলে এই মনটাই হলো নচ্ছাড়
কেমন হেঁটে হেঁটে চলে গেলাম অন্য আঙ্গিনায়!
চারপাশে ঝরা বকুল আর ডালিম ফুলের মৌ-তাঁতে ডুবে আছি
নিঃশ্বাস নিলেও বুঝি তোমার ঠোঁটের সেই মিঠেকড়া ঘ্রানটুকু পাই
যাওয়া হয়নি রাতের সিনেমায় আর
এখন এখানেই নিত্য ফোটে দুর্লভ সব নাইটকুইন
নাকের পাশে ছোটাছুটি করে অচেনা কোন আফটার শেভের ঝর্ণাধারা।
এই দুপুরটা ক্লান্ত ভারী---একা ঘরে হঠাৎ তোমার ছায়া দেখি
মনে পড়ে, একদিন যেতে চেয়েছিলাম তোমার কাছে
ঐ বুনো ফুল ছড়ানো পথ ধরে যতটুকু যাওয়া যায়
তুমি কবে ছায়া হয়েছ মনে নেই
শুধুই যেন রয়ে গেলে অবসরের এক ক্লান্ত দুপুর হয়ে
অন্য কোনো ছায়া চুপিসারে কখন সশরীর ঢুকে গেছে আমার মজ্জায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


