আমিও কিনে নিতে পারি কিঞ্চিৎ শৈলী,
রূপকথাময় জীবন আর আনুমানিক সুন্দর ভবিষ্যৎ
ব্যর্থতার চোরাগুপ্তা হামলা; চিনে নিতে পারি সেও
ভয়াল কিছু সময়ে দিতে পারি নিজেকে বিসর্জন
হৃদয় নির্ভর ঝোলাঝুলিটাই শুধু পারলাম না।
সওদাগরী জাহাজে তুলে দিয়েছিলাম মনোবৃত্তি
দেশ-দেশান্তরের লোকেরা কিনেছিল সবটা সুখী হয়ে
ব্যবসায়ীর ধানের গোলা পেট মোটা হয়ে ছুঁয়েছিল আকাশ
সে আকাশের কার্নিশে হেলান দিয়ে পা দোলাচ্ছিলাম আমিও
দেখছিলাম মনটা ঐ উপর থেকে কেমন খসে পড়ে সাবলীল।
আজকাল বেসিনে ডুবিয়ে হৃদয় ধোয়া শিখেছি
সাবানজলে ভেসে ভেসে লাল হয়েছে মনের চোখ
আদি ও অকৃত্রিম বন্ধু হয়ে যতটা শুশ্রূষা দেয়া যায়
সবটা দিয়েই সেবা করে যাচ্ছি পূণঃপৌণিক হারে
হৃদয়টা তবু নিজবৃত্তে শুয়েই এখনো শুধু অলস রোদ পোহায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


