নয় বছর পর সিরাজগঞ্জের পূর্ণিমা ধর্ষণ মামলার বিচার কার্যক্রম শুরু হয়েছে। আগামী ১২ এপ্রিল সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চাঞ্চল্যকর স্কুলছাত্রী পূর্ণিমা ধর্ষণ মামলার পরবর্তী তারিখ ধার্য করেছে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইবুনাল। নয় বছর চাঞ্চল্যকর এ মামলার বিচার কার্যক্রম বন্ধ করে রাখা হয়েছিল। মামলার বিচার কার্যক্রম নতুন করে শুরু হওয়ায় পূর্ণিমার পরিবার আবার নতুন করে হুমকির সম্মুখীন। আসামিরা বিভিন্ন সময় বিভিন্নভাবে তাদের হুমকি দিচ্ছে বলে পূর্ণিমার ভাই অর্জুন কুমার শীল আদালতে অভিযোগ করেছেন। এ কারণে জামিনে থাকা আসামিদের জামিন বাতিল করে তাদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের জজ ওসমান হায়দার। তবে পুলিশ ৬ মাসেও আসামিদের গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে। আসামিদের হুমকির কারণে পূর্ণিমার পরিবারের সদস্যরা নয় বছর পালিয়ে বেড়িয়েছে। পূর্ণিমাও এ নয় বছর পরিবার থেকে ছিল বিচ্ছিন্ন। মামলার বাদি পূর্ণিমার বাবা অনিল চন্দ্র শীল কন্যার বিচারের জন্য কেঁদে কেঁদে গত বছর ইহলোক ত্যাগ করেন। নয় বছর পর গত ১৫ মার্চ মামলার বিচার কার্যক্রম শুরুর প্রথম দিন পূর্ণিমা সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতে হাজির হয়েছিল। আসামিদের মধ্যে ৫ জন অনুপস্থিতিতে আদালত পূর্ণিমার জবানবন্দি গ্রহণ না করে ১২ এপ্রিল সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য করে।
২০০১ সালের জাতীয় সংসদের নির্বাচনে বিএনপি-জামায়াত জোট প্রার্থী এম আকবর আলী বিজয়ী হন। বিজয় উৎসব পালনকালে জোটের নেতা-কর্মীরা ৮ অক্টোবর উল্লাপাড়ার অনিল চন্দ্র শীলের বাড়িতে ব্যাপক ভাংচুর ও ৮ম শ্রেণীর ছাত্রী পূর্ণিমা রানীকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে ধর্ষণ করে।
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০১০ দুপুর ১২:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



