আমি আর পালাব না।
তোমার চোখের আগুনে ঝাঁপ দেব,
কথার বিষে আকণ্ঠ ডুবে যাব,
কোনও প্রার্থনা নাই, প্রতিশ্রুতি নাই,
তোমার ছুরিতে ধার দাও, ভারে নয়-
আমাকে ধারেই কেটো,
শতসহস্র টুকরো করে, কালো-
পলিথিনের ব্যাগে ভরে,
তোমার গাড়ির বনেটে তুলে-
একটু কষ্ট করে- মেঘনায় ফেলে দিও।
প্রিয় ফিরনির সাথে ঘুমের ওষুধ মিশিয়ে,
অনেক আদর করে- শেষ বারের মত,
আমাকে খাইয়ে দিও।
আমার ঘুম ঘুম পেলে, একটা পান দিও-
পানের ভেতর এন্ড্রিন।
তোমার নখ কাঁটার ছুরিটা দিয়ে,
আমার মৃত চোখ দুটো গেলে নিও-
ঐ চোখে চোখ রেখে, তুমি কিভাবে-
আমার গলায় ছুরি চালাবে?
আমি আর পালাব না,
আর কখনও বাঁধা দেব না।
তোমার কোলেই মরব, তারপর যা খুশি করো,
নিজেকে ভেবো- পাখির মতো স্বাধীন।
জানি, মরলেও আমার মনটা পচবে না,
সেই মনে কি তোমার জন্য, ভালোবাসা থাকবে?
এসো- শেষরাতের মতো আমাকে জড়িয়ে ধর,
নাহয় আজকের রাতটা, আমাকেই ভালোবাসলে,
এইটুকু ভালোবাসা-
আমার মৃত্যুযন্ত্রণা ভুলিয়ে দেবে... এসো প্রিয়তমা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

