মেঘলা আকাশে দিনমান সন্ধ্যা হয়ে এলো। আর ধূসর দিগন্ত। অসীম দূরত্ব পেরিয়ে রাত্রি এলো শব্দের নিরবতায়। প্রতিক্ষার বিকিকিনি শেষ হলো। রাত্রি যেন ভোরের প্রতিচ্ছবি। আমি একা আর প্রজাপতি।
রাত্ভর মেঘ আর বিদ্যুতের আনাগোনা। বৃষ্টি আর ঝরে পড়ে না। 'তুমি মেঘ হয়ে ঝরে পড়ো'।
সে বলে, 'মেঘই ভালো'। সে অনন্তকাল হয়ে পাখনা মেলে ভেসে থাকতে চায়।
আমি বললাম, 'অলীক কল্পনা'।
সে বলল, 'অলীক বলে কিছু নাই। সেটা অন্য এক জগত, এই জগতের মতোই সত্য। পার্থক্য হলো এই জগতে তুমি তোমার ইচ্ছেগুলোকে দেখতে পাও না, আর সেখানটায় ইচ্ছেরাই তুমি হয়ে ঘুরে বেড়ায়'।
আমি অবিশ্বাসের সাথে বলি, 'আচ্ছা এই তবে সেই কথা, তুমি আমি নই দূর'।
সে হেসে উঠে।
আমি বলি, 'হেসে উঠো পাখি, ফুলের গন্ধে ঘুম ভাঙ্গিয়ে দাও। সকলে জেগে উঠুক, দেখুক এই রুপ রসের অনাঘ্রাত দুনিয়া'।
সে গান গেয়ে উঠে। বাস্তব জগতটা যেন দূরে সরে যেতে চায়। আমি বাস্তবতার লাগাম ধরে টান দিই। সে বিরক্ত হয়ে গান থামায়।
আমি তারে বলি, 'তোমাকে সত্য দুনিয়ার বাইরে উড়াল দিতে দেবো না'।
সে বলে, 'সত্য কি এতই সহজ'।
আমি ঠাট্টা করি, 'সহজ কথা নয়তো সহজ'।
সে কটাক্ষ হেনে বলে, 'তাই বুঝি'।
তারপর সে বলে, 'যে আমার অন্তরে সে কোথায়'?
আমি হতকচিত হয়ে বলি, 'কে'?
সে আবার বলে। আরেকটু উচ্চ লয়ে। আবারও বলে, আবারও। তার পৌনঃপুনিক আকুলতা আমাকে বিহ্বল করে। আমি ভাবি একি আমার কথা বলছে। চমকে উঠি, যখন কেউ আমার ভেতর থেকে বলল, সে মনের মানুষের কথা বলছে। আমি বলি, এই তো সে কথা আমার কথা। ভেতরের আমি বলে উঠে, ভালো করে শোন।
আমি ক্রমশ যেন দূরে সরে যাই। তীব্র যন্ত্রণা গাঢ় হয়। আমি তার দিকে তাকাই।
তার চোখে জল
আমার চোখেও জল। আকাশের মেঘেরা বৃষ্টি হয়ে ঝরে পড়ে। একি মেঘমল্রার রাগিনী।
তুই মেঘ হয়ে ছিলি আমার ভেতর ..
আমি কখনো বুঝিনি কেন এই ক্ষরণ।
আমার মেঘের আকাশ
অন্ধকারে তার বিলয় ঘটে
তুই বুঝি সেই অন্ধকারে মিটমিট তারা।
আমাদের এই ইতিহাসহীন নৈর্ব্যক্তিক জীবনে
দুরত্বে ক্রমশ নিমজ্জন ঘটায় বোধের অসারতা।
আমি ছিলাম না,
তুইও ছিলি না।
শুধু একটা কালো পাথরে লেখা ছিলো,
সেই কাব্যিক বেদনা-
তাহাদের কখনো দেখা হয় না।
..............................
আরেকটি ভোর আসে দূরত্ব নিয়ে, বৈপরীত্য নিয়ে।
আমি হেটে চলি তার বিপরীতে। এখনো চারদিকে রাত্রির ফিসফিসানী। আজ আর মেঘ নেই। রোদ্দুরে থৈ থৈ আকাশ। নতুন শীতের আমন্ত্রণ।
ভোরের আলোতে নিজেকে বড়ো অসহায় মনে হয়। এর'চে শিশির ঝরা একটি ভোরের ঘাসের উপর হেটে গেলাম অনেক দূর। যেখানে আকাশ আর পৃথিবীর এক হয়ে যাওয়া। যেখানে না দিবস না রাত্রির বিচরণ। ক্লান্তি আসে না। কি সব ভাবছি। বৈপরীত্যহীন জগতে কিসের আনন্দ।
আমি রাত্রির অপেক্ষায় থাকি। আমি আমাকে চিনতে চাই।
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০১০ রাত ১১:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


