শূন্যতার কি কাল জ্ঞান আছে?
এই প্রশ্নে ঈমান রেখেই বলি-
আমি ইচ্ছেশূন্য মানুষ হতে চেয়েছি।
হামাগুড়ি দিয়ে সুক্ষ্ণ সুক্ষ্ণ ইচ্ছেরা
সিদ কাঁটে আমার সময়ের বুকে।
মানুষের কিইবা আসে তাতে-
কোন কালে কোন দেশে ইচ্ছেরা যাপন করে
শূন্যতা বিরোধী নিরংকুশ ক্ষমতার চর্চা।
আমি ইচ্ছেশূন্য মানুষ হতে চাই-
হয়ত কিছুটা অর্থ দাড়ায়, নয়ত পরম শূন্যতা
অথবা শূন্যতা আমাকে তাড়িয়ে নিয়ে যায়
দূর কোন সমুদ্দুরে- নিরন্তর সাতার কাটি।
যুগপৎ প্রতিকূল-অনুকূল স্রোতে কিছু ইচ্ছে টিকে থাকে
আর কিছু হারিয়ে যায় নিকষ সমুদ্দুরে।
কিন্তু কেইবা বলতে পারে, ইচ্ছেশূন্যতা
ইচ্ছে হয়ে বন্দী করে না
সময়, শুভ্রতা, অন্ধকার, কবিত্ব, সমাজ, রাজনীতি, ধর্ম।
হয়ত ইচ্ছে আছে বলেই মানুষ ঈশ্বর নয়
তার এতো এতো উল্লফন, এতো অহংকার।
আমি কি এমনই ইচ্ছেশূন্য মানুষ হতে চেয়েছি?
কেউ না জানুক সময় তো জানে ইচ্ছে তার বাইরে
কাউরে মুক্ত করে না- এই নিয়ম মেনে
ইচ্ছের কসম খেয়ে বারবার বলি-
আমি ইচ্ছেশূন্য মানুষ হতে চেয়েছি।
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০১০ রাত ১১:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




