পাখির ঠোঁটে শিস হয়ে হারিয়ে যায়
বিকালের শেষ আলো
সন্ধ্যা তারাটা কখন যে মিলিয়ে যায়-
আমি অপেক্ষায়-
ভোরের আলো জাগার আগে
শুকতারাটা জেগে উঠবে বলে।
বাকি সব নাম না জানা তারা
নামের প্রতীক্ষায় জেগে থাকে কবিতার খাতায়
অথচ ভোরের আলো ছুঁয়ে গেছে
প্রিয় দুর্বা ঘাস পুকুরের মখমল জল
দূরের বাশবাগান কল্পনার সমুদ্র
সবুজ টিয়ার পাখনা সুপারীর দীর্ঘ সারি।
আবার একটা পাখি আসে
শিস তুলে নেয় ঠোঁটে।
শিসে খেলে দিবসের প্রহর।
ছায়ারা তার সাথে হেঁটে হেঁটে
দীর্ঘ হয় হ্রস্ব হয়- তারপর মিলিয়ে যায়।
একেকটা দিন কেটে গেলে
চেনা পাখির শিস শুনা যায় না আর
নতুন নামে অচেনা পাখির শির শির শিস
বুকে হিম হয়ে কাটে।
আমরা অন্য আরেকটি দিন হয়ে উঠি।
>ব্যবহৃত ছবিটি একেঁছেন Andy Denzler। ছবিটি adbusters সাইট থেকে নেয়া।।
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




