ফুলটা হাতে নিয়ে চুপচাপ দাড়িয়ে থাকে সুমন।এতটা হতবাক সে আগে কখনো হয়েছে কিনা মনে করতে পারছেনা, মাথার ভিতরটা কেমন জানি মুহুর্তে ফাকা হয়ে যায়। অনেক কথা বলতে ইচ্ছা করে ,কিন্তু কিছুই মুখে আসেনা। চলে যাবার আগে চৈতি একটু অপেক্ষা করে, হয়তো সে কিছু শুনতে চেয়েছিল। একটু আশাহত হয় সে। শেষ মুহুর্তে পিছুডাক শুনে থমকে দাড়ায় চৈতি।
"শোন, আমি তোমার জন্য অপেক্ষা করবো, তুমি আমাকে কখনো ভুলে যেওনা প্লিজ।"
বড় করে একটা নিশ্বাস নেয় চৈতি। যে কথাটুকু শোনার আশায় বাবা-মাকে ফাঁকি দিয়ে অনেক কস্ট করে এসেছে, সে কথাটুকু শোনা হয়ে গেছে, এখন সে নিশ্চিন্ত মনে যেতে পারে।
চৈতি চলে যাবার পরও সুমন অনেকক্ষণ দাড়িয়ে থাকে,হয়তো শেষদেখাটুকু দেখতে চায়।হতে পারে এটাই শেষ দেখা। চৈতির সাথে কথা বলতে চেয়েছে সে অনেকদিন,কখনো সুযোগ হয়নি। ওর সাথে কথা হতো শুধু ইশারায়,শুধু ওকে দেখার জন্য ঘন্টার পর ঘন্টা ছাদে কাটিয়ে দিয়েছে।ভালোলাগার কথাগুলো চোখে চোখে বুঝে নিত দুজন। প্রথম কথাটাই যে শেষ কথা হবে কখনো ভাবেনি সে। তোমার জন্য আমি পথিক হবো, চৈতি, যতদূরেই থাকো, একদিন তোমার কাছে আমি ঠিকই পৌঁছে যাব। কতটা পথ হাটলে তোমাকে পাওয়া যাবে, কতটা পথ হাটলে পথিক বলা যাবে?..........
অনেকদিনপর।
অফিসের কাজে চিটাগাং এসেছে সুমন। সকাল থেকেই ঝুম বৃস্টি হচ্ছে।বাইরে বের হওয়ার কোন অবস্থা নেই।পাশের বাড়ি থেকে একটা মনখারাপ করা গান ভেসে আসছে..
তোমার ঐ মনটাকে একটা ধূলো মাখা পথ করে দাও , আমি পথিক হবো..
আজকে তাকে একটা ঠিকানায় যেতেই হবে,যতই ঝড় উঠুকনা কেন। ঝড় মাথায় নিয়েই রাস্তায় বের হল সুমন।চেনা রাস্তা, ঘন্টা খানেকের মধ্যেই পৌছে গেল কাঙ্খিত ঠিকানায়। মনের ভিতরে সেই আগের মত দুরু দুরু ভাব,ছেলেবেলার সেই অদ্ভূদ ভালোলাগার কথা আবার খুব বেশী করে মনে পড়ছে। আজ কি দেখা হবে তার সাথে? সাহস করে দরজার দিকে এগিয়ে যায় সুমন। বেল বাজাতেই দরজা খুলে দেন একজন ভদ্রমহিলা।চৈতিদের নাম শুনে চিনতে পারেননা প্রথমে , অনেক কস্টে মনে করতে পারলেন।
"ওরা তো এখন থাকেনা এখানে, আগে থাকতো ,অনেকদিন আগে চলে গেছে। "
আবারও রাস্তায় বের হয় সুমন, খুব একটা বিস্মিত হয়না।আগেও কয়েকবার এসেছে এই ঠিকানায়, প্রতিবার একই উত্তর শুনেছ। তবুও বারবার ফিরে আসে এই ঠিকানায়,সামনের সোজা রাস্তা ধরে হাটতে থাকে,.....
যদি হঠাৎ আবার দেখা হয় দুজনায়!!!!.........................
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০০৮ সকাল ১০:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


