- কাঁদছ কেন?
- বলব না।
- ঠিক এই মুহুর্তে তোমার কাছে চলে আসতে খুব মন চাইছে, মুক্তো কুড়োব বলে।
- কোথায় মুক্তো? আমার কাছে মুক্তো নাই তো!
- আছে, তুমি জান না। অর্পিতা, তুমি যখন কাঁদো তখন তোমার চোখের পানিগুলো মুক্তো হয়ে পৃথিবীতে নেমে আসে। তুমি একটা মুক্তোও হারাও আমি চাই না, তোমার গৌরব কমুক আমি চাই না, বেগবান নিয়ন্ত্রণহীন ট্রাকের মত কোন কষ্ট তোমাকে পিষ্ট করুক আমি চাই না।
- আমাকে কষ্ট ছুঁয়ে গেলে তোমার কি?
- অনেক কিছু। বলব?
- বল।
- তুমি কষ্ট পেলে আমার পৃথিবীর সব অক্সিজেন বিষাক্ত হয়ে যাবে,
তুমি কাঁদলে আমার নদীর সব মাছ ডাঙ্গায় উঠে ছটফট করবে
আমার আকাশে সূর্য আর নীল মেঘের সাথে খেলা করবে না
আমার গাছগুলো লজ্জায় মাটির সাথে মিশে যাবে
আমার ফুলগুলো কাঁটা অথবা দুর্গন্ধ ছড়াবে।
- এরকম হবে কেন?
- তা জানিনা, তবে এটুকু জানি এই পৃথিবীতে যদি একটা মানুষ বেঁচে থাকে তো তুমি বাঁচবে,
এই পৃথিবীতে যদি একটা মানুষ হাসে তো তুমি হাসবে
এই পৃথিবীতে যদি বিশুদ্ধ বাতাসের সংকট হয়
আমি আমার ফুসফুসের জন্য বরাদ্দ বাতাসগুলো অনায়াসে তোমার হাতে তুলে দিব
আমি তো অনেক বেঁচেছি, অনেক প্রাণকে কষ্ট দিয়েছি এই জীবনে, আর কত?
তুমি বেঁচে থাকলে বরং কিছু মানুষের মুখে হাসি লেগে থাকবে।
- কেন এরকম বল তুমি?
- অর্পিতা, এ জীবনে সুখের গল্প ভাগ করবার বন্ধু অনেক পেয়েছি, কিন্তু দুঃখের গল্প, নিঃশ্বাসের গল্প, রক্তের আর হৃৎপিন্ডের গল্প শেয়ার করবার বন্ধু তোমাকে পাবার আগে আর পাইনি। আমার সবকিছু তোমাকে না দিলে আর কাকে দিব?
- আমাকে তুমি এরকম দুঃখের গল্প শোনাও কেন?
- বিশ্বাস করি বলে। বাকীরা আমার গল্প শুনে আমাকে উপহাস করে, আর তুমি কর উপশম। খুব শখ আমার, একদিন তুমি যখন কাঁদতে থাকবে, আমি এসে তোমার চোখ মুছে দিব। নিজের অজান্তে কত হাজারবার তুমি আমার চোখ মুছে দিয়েছ, তুমি তো তা জান না।তোমাকে আমি আমার দাঁতের চেয়ে, নখের চেয়ে, চুলের চেয়ে, ত্বকের চেয়েও বেশি বিশ্বাস করি। আমাকে তুমি বিশ্বাস কর না?
- না করি না। আর করি না বলেই তোমাকে আমি আমার কষ্টের গল্প শোনাব না।
- অর্পিতা, যেদিন তুমি তোমার কষ্টের সব গুলো গল্প আমাকে বলবে, মরে যাওয়া সব ফুলগুলো আমাকে ছুঁতে দিবে, তোমার ধূসর ধানক্ষেতে আমাকে শালিকের মত উড়তে দিবে, সেদিন আমি এই পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ হব, সেদিন আমি সম্রাট হব।
- তা হবে না, বরং একদিন আমি তোমার থেকে অনেক দূরে, দিগন্ত পার হয়ে চলে যাব। সেদিন তোমার কি হবে?
- সেদিন মহাবিশ্বের সমপরিমাণ হলুদ বেদনা গায়ে মেখে আমি ভিখারী হব, ঠিক আগে যেমনটি ছিলাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

