আমার যদি হাত দুইটা না থাকত
কেমন হতাম আমি?
খুব বেশি বদলাতাম না অবশ্যি
না হয় হাতের বদলে পা দিয়েই লিখতাম
না হয় হাতের বদলে পা দিয়েই খেতাম
কিন্তু, এই আমি তো আমিই রইতাম।
আমার যদি চোখ দুইটা না থাকত
কেমন হত আমার পৃথিবী?
চারিদিকে ব্ল্যাকহোলের অন্ধকার
দৃষ্টির সাগর থাকত ঢেউহীন, তীরহীন, জলহীন।
শ্রবণশক্তি হয়ত আরো প্রখর হত
ষষ্ঠ ইন্দ্রিয়ের ক্ষমতাও বেড়ে যেত কয়েক গুণ।
কিন্তু, এই আমি তো আমিই রইতাম।
আমার যদি হৃদয় না থাকত
তাহলেও তো মানুষই হতাম আমি।
ঝাপসা হয়ে যাওয়া যে স্মৃতিগুলো এখন হৃদয়ের অন্দরমহল থেকে
মাঝে মধ্যেই উঁকি দেয়, সেগুলো স্থানাভাবে তখন
হয়ত মস্তিষ্কের সেল-এই বটের শিকড় গড়ত।
কাজেই, হৃদয়ের এই থাকা না থাকায়
আমার আমিত্বের কারণবিহীন কোন অপমৃত্যু তো হত না।
আর, আমার যদি তুমি না থাক, তো কি হয় জান?
তুমি না থাকলে আমার হাত নেই
তুমি না থাকলে আমার চোখ নেই
তুমি না থাকলে আমার হৃদয় নেই
তুমি নেই তো শেষ আশ্রয় মস্তিষ্কটিও নেই।
তুমি নেই তো আমার অস্তিত্ব নেই, শুধু দেহ পড়ে থাকে।
এক জীবনে এত বেশি ভুল তুমি করলে কিভাবে?
যাবার আগে শিখিয়ে গেলে কিভাবে নিঃশ্বাস ছাড়াও বেঁচে থাকতে হয়।
এক জীবনে এত ধৈর্য্য আমি পেলাম কোথায়?
বন্ধুরা বুঝল, শত্রুরা বুঝল,
অমুক বুঝল, তমুক বুঝল
শুধু তুমিই বুঝলে না।
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০০৮ সকাল ৭:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

