এ এমন নতুন কিছু নয়
আরেকটা নির্ঘুম রাত যোগ হতে চলেছে
আরো কিছু স্থবির মুহূর্ত স্থাবর গড়তে শুরু করেছে
আমার জীবনের ডাইরিতে।
কিভাবে কাটাব সময়?
অতীতের স্মৃতিচারণ করাটা মন্দ নয়।
ছেলেবেলার খুব আনন্দের স্মৃতি মনে করে করে
মিনিট দশেক পার করে দেয়া যেতে পারে
প্রথম বাই সাইকেল চালানোর উচ্ছ্বাস
ক্রিকেট মাঠের দূরন্তপনা
বা নেহায়েত স্কুল ফাঁকি দিয়ে দিনভর দাবা খেলবার আনন্দ।
প্রেম ভালবাসা নিয়ে চিন্তা করা যেতে পারে।
কোন মেয়েটাকে দেখে কবে প্রথম মনে হয়েছিল
ইশ, ও যদি আমার বউ হত!
লাল টুকটুকে শাড়ী পড়ে পাশে এসে বসত
বলত “বলতো, আমাকে সাগরের চেয়ে সুন্দর দেখাচ্ছে কিনা!”
আমি মুগ্ধ নয়নে তার দিকে চেয়ে থাকতাম, তার গায়ের গন্ধ নিতাম
ভালবেসে আবেলার্ড এর মত – তার মাঝে বিলীন হতাম।
অথবা ভবিষ্যত নিয়ে ভেবে দেখা যেতে পারে
যে ভবিষ্যতে কোন নিশ্চয়তা নেই,
অনিশ্চয়তাও নেই।
ভবিষ্যত গন্তব্যের কথা ভেবে
কিছু সময় কাজ করেও কাটানো যেতে পারে।
রাস্তায় হাঁটব নাকি ঘন্টাখানেক?
আকাশ দেখব, বাতাসের শিষ শুনব, একাকিত্বকে উপভোগ করার
ব্র্যাকেটবন্দি চেষ্টা চালাব।
নাহ, বরং খুব প্রিয় কোন বন্ধুকে ফোন করে ঘুম থেকে তোলা যেতে পারে।
ঘন্টার পর ঘন্টা প্রিয় মানুষের মুখ কল্পনা করা যেতে পারে।
অথবা এরকমই বিষয়বিহীন আরেকটা কবিতা লেখা যেতে পারে।
আরেকটা নির্ঘুম রাত যোগ হতে চলেছে
আরো কিছু স্থবির মুহূর্ত স্থাবর গড়তে শুরু করেছে
আমার জীবনের ডাইরিতে।
এ এমন নতুন কিছু নয় …

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

