এখানে উপচে গেছে নদী
জলের অনুপ্রবেশ উঠোনে,
বিপদসীমা অতিক্রম করে
অন্দর মহলে প্রবেশের অপচেষ্টা,
সংকেতহীন নির্লজ্জ পায়তারা
অপ্রস্তুত বসতী শংকিত দিশেহারা।
-নদী তোরেও কই
যার তার সাথে কেনো পাতিস সই?
বিশেজ্ঞদের মতে নদীর খনন আবশ্যক;
গতিপথ পরিবর্তীত হয়েছে বলেই অঘটন।
তৈরি হয় পরিকল্পনা বাজেট,
প্রণীত হয় কর্মসূচি-
চলে অর্থ সংগ্রহ দেশে-বিদেশে
বাঁধের ভাঙ্গন রোধে যা যা প্রয়োজন।
-তুইও পারিস বটে
তোর নামে তাই দূর্নাম রটে।
নদী হাতিয়ে দেখে
নিজের অস্তিত্ব তল-অতল
কান পেতে শোনে কান্নার শব্দ
হায়নার নখের ক্ষত রাসের গ্রাস
উন্নয়নের নামে তার শরীর
হয়েছে বিক্রি হয়ে যায় বেদখল।
-তুইও সর্বনাশা ‘হ’ রে নদী
নিশ্চিহ্ন কর হায়নার বসত পারিস যদি।
০৪/০৭/২০১০
অর্চি মিডিয়া সেন্টার
প্রজাপাড়া-পীরগঞ্জ-রংপুর
রাত ১১ টা ৪৫ মিনিট

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

