
ফ্রান্স এবং জার্মানীর পর এবার যুক্তরাজ্যেও সরকারিভাবে ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার না করার পরামর্শ এবং সরকারি বিভিন্ন কার্যালয়ে ব্রাউজারটির ৬ষ্ঠ সংস্করণ বর্জন করার সিদ্ধান্ত চেয়ে দেশটির রাস্তায় রাস্তায় পিটিশনে সই নেয়া হচ্ছে সাধারণ মানুষের কাছ থেকে। এ পিটিশনে সন্তোষজনক সংখ্যার স্বাক্ষর পাওয়া গেলে তা যুক্তরাজ্য সরকারের কাছে পাঠানো হবে বলেই ধারণা করা হচ্ছে। খবর বিবিসি টেকনোলজির।
এই উদ্যোগ যারা হাতে নিয়েছে তাদের মধ্যে বেশিরভাগই ওয়েব ডেভেলপার বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। তারা বিশেষ করে ব্রাউজারটির ৬ষ্ঠ সংস্করণের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছেন। ডেভেলপারদের মতে, মেয়াদ শেষ হয়ে যাওয়া এই সংস্করণটি তাদের জন্য একটি ‘বোঝা’ হয়েই দাঁড়িয়েছে।
ডেভেলপারদের মতে, মাইক্রোসফটের এই ব্রাউজার ওয়েব প্রযুক্তিকে পেছনে টেনে ধরে রাখছে। কেননা, অধিকাংশ মানুষ এখনো এই ব্রাউজার ব্যবহার করায় ডেভেলপাররা উন্নত প্রযুক্তি ওয়েবে ব্যবহার করতে পারছেন না। ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহারকারীদের কথা মাথায় রাখতে গিয়েই অনেক ক্ষেত্রে উন্নত প্রযুক্তি ও কোডিং ব্যবহার থেকে বিরত থাকতে হচ্ছে তাদের।
এদিকে বিবিসির বরাতে জানা গেছে, চীনে ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করে হ্যাকিং সংঘটিত হওয়ার অভিযোগ কেন্দ্র করে নানা পদক্ষেপের পর অবশেষে গুগল সিদ্ধান্ত নিয়েছে, আগামী ১ মার্চ থেকে গুগলের বেশ কিছু সেবা ইন্টারনেট এক্সপ্লোরারের ষষ্ঠ সংস্করণ থেকে সরিয়ে নেবে, অর্থাৎ ওই সেবাগুলো এক্সপ্লোরারের ষষ্ঠ সংস্করণে কাজ করবে না। উদাহরণ হিসেবে গুগল ডকস (ডকুমেন্টস) এবং গুগল সাইটস সেবার কথা উল্লেখ করেছে বিবিসি।
এদিকে যুক্তরাজ্য সরকারের বেশ কিছু বিভাগ ছাড়াও ২০০১ সালে অবমুক্ত হওয়া ইন্টারনেট এক্সপ্লোরারের ৬ষ্ঠ সংস্করণটি বেশ কিছু সংস্থার কার্যালয়ে এখনো ব্যবহৃত হচ্ছে বলেই বিবিসি সূত্রে জানা গেছে।
পিটিশনে বলা হয়েছে, ডেভেলপাররা যখনই সরকারি কোনো ওয়েবসাইটের জন্য সৃজনশীল কোনো ডিজাইন তৈরি করতে যান, তখনই সরকারের সংশ্লিষ্ট বিভাগ ডেভেলপারদের একরকম বাধ্যই করে সাইটটিকে ইন্টারনেট এক্সপ্লোরারের ৬ষ্ঠ সংস্করণের উপযোগী করে তৈরি করা হয়। অথচ ডেভেলপার ইন্ডাস্ট্রি ততোদিনে নতুন সংস্করণে আপগ্রেড করে ফেলে যার কারণে বেশ সমস্যার সম্মুখীন হতে হয় ডেভেলপারদের।
গবেষণা প্রতিষ্ঠান নেট অ্যাপ্লিকেশনের বরাতে বিবিসি জানিয়েছে, এক্সপ্লোরারের ষষ্ঠ সংস্করণটি সর্বমোট ব্রাউজার মার্কেটের ২০.০৭ শতাংশ দখল করে রেখেছে।
সূত্রঃ বিডিনিউজ টোয়েন্টি ফোর টেকনোলজি ।
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০১১ রাত ১১:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


