আমাদের চিন্তা জগতে একটি ছোট পরিবর্তন ঘটিয়ে আমাদের দেশের সামগ্রিক পরিবর্তন সম্ভব। এ লেখাটি তাদের উদ্দেশ্যে লিখছি , যারা সদ্য তরুণ। এখনও শিক্ষার্থী কিংবা কর্মসন্ধানী।
সদ্য তরুণ বয়সে আমাদের চোখে থাকে রঙ্গিন চশমা। সে চশমা স্বপ্নের, রোমান্টিকতার। মন কেবল উড়ু উড়ু - কাকে যেন খুঁজে বেড়ায়। রাস্তাঘাটে, কলেজ বিশ্ববিদ্যালয়ে চোখে চোখ রেখে চেনার চেষ্টা করি - এই কি সেই , যার জন্য আমার জন্ম ? প্রেমাস্পদকে চেনার ও জানার জন্য আমাদের মনে আকুতি, ভয়, শিহরণ কত মধুর মধুর অনুভূতি কাজ করে। কত মধুর মধুর কথা সাজাই তার জন্য, কত সাজ সজ্জা ফ্যাশন তার জন্য, কত বৈঠক আড্ডা তার মন জয় করার জন্য।
বলা হয়, প্রেম করা যায় না, প্রেম হয়ে যায়। চার চোখের মিলন হলেই মনের ভেতর থেকে কে যেন বলে দেয় - এই তো সেই। এই তো সেই জন, যার জন্য আমার সমস্ত জীবন তৈরি হয়ে আছে। তার সাথে এই জীবন না কাটালে বৃথা এই মানবজনম।
চার চোখের মিলন হওয়ার পর থেকেই মনে অজানা ভয়। জয় করা যাবে তো তাকে ? তারপর দুরু দুরু বক্ষে তাতে প্রস্তাব, তাকে জয় করার আনন্দ। তার সঙ্গ কামনা, তার সাথে গল্প। অবশেষে কোন এক শুভ মুহূর্তে তাকে জীবনসঙ্গী বানানো। এ হল একটি সফল প্রেমের রসায়ন।
প্রেমের এই রসায়নটি শিক্ষা ও কর্মক্ষেত্র বেছে নেয়ার ক্ষেত্রে আমরা প্রয়োগ করতে পারি। আমরা সেই মানুষটির প্রেমেই পড়ি যাকে দেখে, মিশে, জেনে ভালো লাগে। যাকে না পেলে বুকে হাহাকার বেজে ওঠে। ঠিক তেমনি আমাদের প্রথম জীবন থেকেই সেই শিক্ষার প্রেমে পড়া উচিত যা আমাদের মনকে টেনে নেয়। মনই বলে দেয়, এই শিক্ষাটি আমার জন্য, আমি এই বিষয়টির জন্য। শুধু টাকা কামানোর ধান্দায় এমন কোন শিক্ষা গ্রহণ করা উচিত না, যা আমাদের মন টানে না। তেমনি এমন কোন পেশা বা বৃত্তি গ্রহণ করা উচিত না, যা মন চায় না।
আমাদের এমন কর্ম বা বৃত্তি বেছে নেয়া উচিত, যে কর্মের প্রেমে আমরা পড়তে পারি। যারা কর্মের প্রেমে পড়ে সেই কর্ম বেছে নেয়, তারা সেই কর্মে প্রচুর উন্নতি করে। আর শিক্ষা ও কর্ম দুটো বিষয়কে ভালোবাসতে পারলে তার উন্নতি সময়ের ব্যাপার মাত্র।
তাই, আসুন আমরা কর্মের ও কর্মসংস্থানের প্রেমে পড়ি। যত অল্প বয়সে কর্মের প্রেমে পড়ব এবং তাকে জয় করে নেয়ার সংগ্রামে ঝাঁপিয়ে পড়ব, ততই আমাদের সফল মানুষ হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। আমাদের মতো অভাব ও বেকারের দেশে যাদের পক্ষে আত্মকর্মসংস্থান করা সম্ভব, তারা যত শিক্ষিত হই না কেন, প্রতিজ্ঞা করি যেন আত্মকর্মসংস্থানই বেছে নেই। আত্মকর্মসংস্থান মানুষকে বেশি আয় করার সুযোগ দেয়, পাশাপাশি অন্য লোকের কর্মসংস্থানও সৃষ্টি করে। কর্মের প্রেম আমাদের প্রেমের মধুর জগতেও একজন সফল মানুষ হিসেবে দাঁড় করাবে। প্রেমাস্পদের কাছে আমাদের করে তুলবে অতুলনীয় সফল মানুষ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

