না রে সাহস করে স্বপ্ন তো কেউ দেখছে না
না রে সত্যি কথা মুখ ফুটে কেউ বলছে না
চলছে জীবন ভুল ঠিকানার সন্ধানে
ছুটছে শুধু যাচ্ছে কোথায় কে জানে
আয় ঘুম, যায় ঘুম, ঘুম আয়, স্বপ্ন রাত বিরেতে
চেনা মানুষ যায় না চেনা এই ভীড়েতে
মেঘলা দিনের মতো আঁধার এই মন
ভালোবেসে কাছে কেউ ডাকছে না
নাচছে সবাই নাচছে রে সময় ঘোর কলিকাল
ভরসা কোথায় পাল্টে যাবে এই দিনকাল
দীর্ঘ রাতের কালো ভিড়ল শুধু
ভোর হবার গান কেন কেউ গাইছে না।
শ্রীকান্ত আচার্য্যের গান। আমার প্রিয় গান। অসংখ্য বার শুনে একটা কথা মনে হয়েছে, আমাদের দেশের সাধারণ মানুষের চরিত্র চমৎকারভাবে তুলে ধরা হয়েছে এই গানে।
ইদানিং যেখানেই যাই, সাধারণ কথাবার্তার ফাকে মানুষকে বলার চেষ্টা করি, পরবর্তী নির্বাচনে একজন সৎ ও যোগ্য লোককে যেন আমরা ভোট দেই। স্বাধীনতার পর থেকে আমরা একচেটিয়াভাবে মার্কা ও দল দেখে ভোট দিয়ে দেশটার বারোটা বাজিয়েছি। এখন দরকার দল নয়, মার্কা নয়, সৎ লোককে ভোট দেয়া।
আমার এই আহবানের প্রতি কেউ তো সমর্থন করেই না। বরং সাধারণ মানুষের ধারণা, সৎ লোকেরা কোন কাজের না। তাদের ধারণা এদেশে সৎ লোকেরা ক্ষমতায় গিয়ে কিছু করতে পারবে না। সৎ লোকেরা বোকা, সৎ লোকেরা অলস, সৎ লোকেরা কোন কাজের না।
অন্য দিকে অসৎ লোকেরা ক্ষমতায় গেলে কাজ করবে। দুর্নীতি করলেও তার ভালো কাজ করে। তারা নিজেও ভালো খায়, অন্যকেও খেতে দেয়। তাই এদেশে ভালো লোককে ভোট দিয়ে লাভ নাই। সব সময় দুনম্বর লোককে নেতা বানাতে হবে।
আমি তাদের সাথে তর্ক না করে নিজেই হতাশ হয়ে যাই। আমাদের দু নম্বর নেতারা আমাদের এমনভাবে অসৎ বানিয়ে দিয়েছে যে, আমরা সততা ব্যাপারটিকে একেবারেই মূল্যহীন মনে করি। বরং আমরা মনে করি, সৎ থাকা বোকামী, বোকা লোকেরা সৎ থাকে। বিপরীত দিকে অসৎ লোকেরা চালাক, কর্মঠ, এই কঠিন জগতের যোগ্য লোক তারাই। একটি জাতির সার্বিক মূল্যবোধ কতটুকু পচে গেলে মানুষ এভাবে ভাবতে পারে। আমাদের অসৎ নেতারা আমাদের স্বপ্ন দেখার জায়গাটা নষ্ট করে দিয়েছে। সাহস করে আমরা স্বপ্ন দেখতেও ভুলে গেছি। আমরা ধরেই নিয়েছি, আমরা কখনো দুর্নীতি থেকে বেরুতে পারব না। আমরা কখনও দারিদ্র থেকে বেরুতে পারব না। আমরা কখনও মূর্খতা থেকে বেরুতে পারব না। দুর্নীতিবাজ নেতা সবকিছু কেড়ে নিয়েছে আমাদের, এমনকি স্বপ্ন দেখার ক্ষমতাও।
জন স্টুয়ার্ট মিল বলেছেন,মূর্খদের দেশে সংসদ হল একটা শুযোরের খোয়াড়।" যথার্থ বলেছে স্টুয়ার্ট মিল। আমাদের যেই ভোটার আছে, তাদের নৈতিক মূল্যবোধ যেমন নিচু, আমাদের সংসদ আগে যেমন শুয়োরের খোয়াড় হয়েছিল, তেমনি ভবিষ্যতে শুয়োরের খোয়াড় হলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
এখন দরকার তেমন মানুষ, যে নিজে স্বপ্ন দেখতে পারে, স্বপ্ন দেখাতে পারে। তেমন মানুষ না হলে এ জাতির মুক্তি নেই। আসুন আমরা স্বাপ্নিক সে সব লোককে খুঁজে বের করি, তাদের হাতে পায়ে ধরে প্রার্থী বানাই, ভোট দিয়ে পাশ করিয়ে সংসদে পাঠাই। আসুন সাহস করে একবার ভালো লোককে ভোট দেই। সৎ লোক ছাড়া আমাদের আঁধার রাত কাটবে না।
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০০৮ সকাল ১০:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


