আমরা কোন ইংরেজি শব্দের বানান না জানলে তার সঠিক বানান জানার জন্য অস্থির হয়ে যাই। ইংরেজি বানান শেখার জন্য কতবার ডিকশনারি খুলি। সঠিক বানানটি না শেখা পর্যন্ত থামি না।
ঠিক উল্টো আচরণ দেখা যায় বাংলা লেখার ক্ষেত্রে। বহু শিক্ষিত লোক আছেন যারা কখনও কোন বাংলা অভিধান কেনেন নি, কোন দিন খুলে দেখেন নি। তারা ধারণা করে বসে আছেন, তারা বাংলা জানেন। তাই যে কোন শব্দ নিয়ে তাদের মনে কোন সংশয় সৃষ্টি হয় না। তারা এতটাই আত্মবিশ্বাসী।
গতকাল রাতে বিজয় স্তম্ভে পুষ্পস্তবক দেয়া দেখছিলাম। নানা পেশার মানুষ, নানা বয়সের মানুষ পুষ্পস্তবক নিয়ে স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছে তাদের শ্রদ্ধা জানাচ্ছে। খুব ভালো লাগছে এ দৃশ্য দেখে। কিন্তু এই আনন্দ মিইয়ে যায়, যখন দেখি পুষ্পস্তবকে কেউ লিখেছে, শ্রদ্ধাঞ্জলি, কেউ লিখেছে, শ্রদ্ধাঞ্জলী। এত বড় শ্রদ্ধা জানানোর আয়োজনের সামনে নিতান্ত তুচ্ছ একটি বিষয়। বানানে কী আসে যায় ?
জাতি হিসেবে আমরা যে শ্রদ্ধা জানাতে খুব কৃপণ তা আজকে মুক্তিযোদ্ধাদের অবস্থা দেখলেই বোঝা যায়। মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান - এই শ্লোগান শুনি। কিন্তু যারা মারা গেছে, তাদের বধ্যভূমি সংরক্ষণের অভাবে হারিয়ে যাচ্ছে এই কথা পত্রিকায় বার বার পড়ি। আর যারা বেঁচে আছে, তারা অনাদরে অবহেলায় আক্ষেপ করেন, কেন এই দেশের জন্য লড়েছিলাম। এ কোন দেশ, যে দেশ আমাকে নূ্যনতম শ্রদ্ধা করে না।
মুক্তিযুদ্ধ বিষয়ক একটি মন্ত্রণালয় আছে। একজন মন্ত্রী সেই মন্ত্রণালয় দেখা শোনা করেন। তারপরও মুক্তিযোদ্ধাদের ভাগ্য বদলায় না। এই মন্ত্রণালয় কী কাজ করে, সেটা সম্পর্কে বেশিরভাগ মানুষের স্পষ্ট কোন ধারণা নাই। এই মন্ত্রণালয় গঠন করে মুক্তিযোদ্ধাদের কী লাভ হয়েছে সেটাও অস্পষ্ট। মুক্তিযোদ্ধাদের প্রতি এই মন্ত্রণালয়ের শ্রদ্ধার নমুনা দেখতে হলে তাদের ওয়েব সাইট দেখাই যথেষ্ঠ। বেশির ভাগ লিংকে কোন তথ্য দেয়া নাই। মুক্তিযুদ্ধ সম্পর্কে যেই চারটি লিংক আছে, তাতে কোন তথ্য নাই। এমনকি তারা ৭ বীর শ্রেষ্ঠ সম্পর্কেও কিছু জানে না ! স্বয়ং মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় যখন এই রকম শ্রদ্ধা দেখায়, তখন জাতি হিসেবে আমাদের শরম পাওয়া ছাড়া আর কী করার আছে ?
http://www.mlwa.gov.bd/
আমরা যদি সব জীবন দানকারী বীর দেশপ্রেমিকদের শ্রদ্ধা করতাম, তাহলে লোক দেখানো এই পুষ্পস্তবকে কমপক্ষে শ্রদ্ধাঞ্জলি বানানটি শুদ্ধভাবে লিখতাম। বছরে দুবার তাদের শ্রদ্ধা ও সম্মান দেয়া ছাড়া আর তো কিছু দিতে হবে না। সেইটুকুই দিতে এত অবহেলা !
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০০৯ সকাল ১০:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


