আবারও বুক কাঁপা শুরু হয়া গেছে গা। রমজান আসিতেছে। বুক না কাঁপিয়া উপায় কী ?
প্রতি বছর রমজানের আগে সরকার বাহাদুরের লোকজন হুমকি দিয়া বলে এবার খাদ্যদ্রব্যের দাম বাড়িলে তোদের খবর আছে। ব্যবসায়ীবৃন্দ ম্যাসেজ ট্রান্সলেট করিয়া বুঝিয়া নেয় সরকার তাদের দাম না বাড়ানোর হুমকি দিয়া পাগলের সাঁকো না নাড়ানোর পরামর্শ দিল।
সুতরাং দাম বাড়াইতে হইবে।
তার আগে আরেকটি শুভ কর্ম আছে। দেশের যত চাল ডাল তেল নুন - সব কিছু কিনিয়া কিনিয়া গুদামের পর গুদাম ভরিয়া গুদামের ডায়ারিয়া বানাইয়া ফেলিতে হইবে। তারপর গুদামের বড় ফটকে বিশাল একখান তালা ঝুলাইয়া তবে শান্তি।
কিন্তু লোভীর তো শান্তি নাই। অতি লোভে অতঃপর গুদাম খোঁজ। আর গুদাম না পাইলে আগামী বছর আরেকটা গুদাম বানাইতে হইবে অথবা কেন আগেই একখান গুদাম বানাইয়া রাখিলাম না - সেই আফচুচ করিতে করিতে রাত্রি জাগরণ।
রমজান যতই নিকটবর্তী হইতে থাকে, শরীর ততই টলার, স্ট্রংগার ও শার্পার হইয়া ওঠে। কাড়ি কাড়ি টাকা কামানোর স্বপ্নে কেমন কেমন লাগে।
যাই হোক, সরকারের হুমকি ধামকিকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করিয়া মজুদদারি ও অতি মুনাফা করিয়া তাহাদের দিনকাল ফিরিয়া গিয়াছে। শহরে একের পর এক অট্টালিকার মালিক হইয়া গিয়াছেন উনারা।
আর আমার নিরীহ আম জনতা - যাদের খাদ্য গুদাম নাই - তাদের বুকে পানি নাই। কাঁপুনি শুরু হয়া গেছে।
রমজান আসিতেছে, বুক কাঁপিতেছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

