যে নিয়মে সময় ক্রমাগত এগিয়ে যায়, সেই চিরন্তন ধারায় চলে গেল ২০০৯। পেছনে পড়ে থাকল আমাদের কর্মের নানান সুখ ও দুঃখ। এক বছরে আমরা যেমন হারিয়েছি, তেমনি করেছি অর্জন। বিগত দিনের কর্মময় ভিতের ওপর দাঁড়িয়ে শুরু হবে আমাদের নতুন বছরের যাত্রা। এই যাত্রা সকলের জন্য শুভ হোক, বয়ে আনুক শুভ কিছু। যা পাওয়া গেল না বিগত বছরে, সেইসব অপ্রাপ্তি পূরণ হোক আমাদের সকলের। ব্যক্তিগত কিছু পাওয়া আর না পাওয়া সব সময়ই থাকে। তারপরও প্রাপ্তির প্রত্যাশায় বেঁচে থাকে মানুষ। আমাদের সকলের ব্যক্তিগত প্রত্যাশাগুলো নতুন বছরে যেন প্রাপ্তির পথ খুঁজে পায়-- এই নিয়ে শুরু হক ২০১০ সালের যাত্রা ...
রাষ্ট্রীয় জীবনের অনেক ঘাত প্রতিঘাত আর চড়াই উৎড়াই পেরিয়ে বাঙালি জাতি শুরু করেছে নতুন যাত্রা। দীর্ঘ চার দশকের কলঙ্কের দাগ মুছে ফেলে বাঙালি জাতি ২০১০ সালে যে যাত্রা শুরু করল, তা আমাদের জাতিগত হীনমন্যতা দূর করে ঐক্যের বন্ধনে বাঁধুক। গত বছর যেমন বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের বিচার করতে পেরেছে বাঙালি জাতি, এ বছরে যেন একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার করে বাঙালি জাতি হৃত গৌরব পুনরুদ্ধার করতে পারে, মুছে ফেলতে পারে জাতিগত কলঙ্ক।
অনেক প্রত্যাশা অনেক আশা নিয়ে যে নতুন সূর্য আমাদের জীবনে এলো, নব উদিত সূর্যের আলোয় ভরে উঠুক সমগ্র বাঙালি জাতি। জাতীয় ঐক্যের মাধ্যমে গড়ে উঠুক সুখী সমৃদ্ধ বাংলাদেশ, নতুন বছরের শুরুতে এই প্রত্যাশায় সকলকে অভিনন্দন জানাচ্ছি।
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

