অপরবাস্তব-৪ এবং একজন পাঠক, কিছু কথা... [৩য় পর্ব]
০৯ ই এপ্রিল, ২০১০ ভোর ৪:২৫
বিভাগ : গল্প
পাহাড় বিক্রেতা নজরুল অনুষঙ্গ...
'আমাদের এক বন্ধু পাহাড় বিক্রি করতো' শীর্ষক মোস্তাফিজ রিপনের পাকা হাতের গল্প। নজরুল পাহাড়া বিক্রি করে কথাটি শুনতেই একটা ধাক্কা লাগলেও তা কেটে যায় যখন আমরা জানি, নজরুল আসলে একজন পাহাড় ব্যবসাযী; তখন প্রাথমিক বিভ্রান্তির ভাবটা কেটে গিয়ে নজরুলের পাহাড় ব্যবসায় সম্বন্ধে ঔৎসুক্য জন্মে পাঠকের। কিন্তু গল্পের নামকরণে পাহাড় বিক্রেতার প্রসঙ্গটি যতটা গুরুত্বপূর্ণ তা গল্পে নজরুলের চারিত্রিক অবস্থানের বিবেচনায় পূর্ণার্থে সামঞ্জস্য বিধানে ব্যর্থ হয়েছে। কারণ নজরুলের চেয়ে গল্পে প্রধান হয়ে উঠেছে আমলা আরিফ এবং 'আমরা' সর্বনামে উপস্থাপিত কতিপয় বেপথু যুবক। এই যুবকেরা তাদের আমলা বন্ধু আরিফের নিকট থেকে অবৈধভাবে সরকারি সুযোগ-সুবিধা নিয়ে টেন্ডারবাজি কিংবা চাঁদাবাজি অথবা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত। গল্পের এই সমতলেও পাঠক থিতু হওয়ার আগেই তাহেরের চায়ের দোকানে বিপথগামী যুবকেরা যখন আরিফের স্ত্রীর খুন হওয়ার সংবাদ পরিবেশন করে, তা আরো নাটকীয় হয়ে ওঠে। এবং এই নাটকীয় পরিস্থিতির চরম বিপর্যয় ঘটে যখন-- যুবকেরা তাদের ছয় ইঞ্চি পরিমাণ ছোড়াটা সরকারি আমলা বন্ধু আরিফের বুকে আমূল বসিয়ে তাকে মুক্তি দেয়। এর ফলে পাঠকের নিকট লেখক তাঁদের বিক্রেতা বন্ধু নজরুলের স্মৃতিচারণের কথাটি দীর্ঘসূত্রিতার বয়ন প্রক্রিয়া অব্যাহত রেখেছেন। এছাড়াও মোস্তাফিজ রিপনের পাহার বিক্রি গল্পটির বড় দুর্বলতা হচ্ছে-- পাহাড় বিক্রির মূল নায়ক নজরুল সম্পর্কে অপর্যাপ্ত তথ্য এবং আরিফের স্ত্রীর হঠাৎ হত্যাকাণ্ডের কার্যকারণ নির্ধারণ না করা। সামগ্রিকভাবে গল্পে কতিপয় সন্ত্রাসী যুবকের অসংলগ্ন যাপিত জীবনের জীবনকথা মানের। তবে একথা সত্য যে লেখকের গল্প বয়নরীতি শক্তিশালী ও প্রশংসার্হ্য।
গল্প : কালিদহের কূহক
এ গল্পটির লেখক তারিক স্বপন। গল্পটি সম্পর্কে আমার নতুন কিছু বলার নেই। কারণ, গল্পটি এর আগে ব্লগে পাঠ করেই আমি প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলাম। তা নিচে উদ্ধৃত করলাম :
পিতামহ রুগ্ন শীর্ণ হাত নেড়ে যে বিরাট অতিকায় মাছের গল্প শোনাতে শোনাতে বিগত দিনকালের সুখস্মৃতির ভেতর হারিয়ে যেতেন আর আক্ষেপ করতেন তেমনি আমরাও বিশুষ্ক কালিদহের গল্প শুনে আক্ষেপ করি, কিংবা না করে উপায় থাকে না। এটাই নিয়ম, এভাবেই বদলে যায়, পিতামহ দুঃখ করেন আর উত্তরবংশ শোনে অথব শুনতে শুনতে সেইসব দিনকাল চোখের সামনে মূর্ত হতে দেখে। অথব শুধুই শোনে কিছুই ভাবে না। তবে উত্তরপুরুষের থেকে যায় অপ্রাপ্তির যন্ত্রণা; কারণ সে বেদনার্ত এক জিন বহন করে চলেছে আদিকাল থেকেই নিজের শরীরে, যে বেদনার কখনোই উপশম হয় না। প্রত্যেক প্রজন্মের কাছেই অতীত দিনকাল সুখস্মৃতি হয়ে চাঁদের মতো মনের আকাশে ভেসে বেড়ায়। অথবা কিছুই হয় না, নিছক কথার মারপ্যাচে মানস জুড়ে ধুম্র কুয়াশার জালে ছেয়ে যায়।
নিঃসন্দেহে গল্পটি ভালো হয়েছে, যে কারণে আমার ভালো না লেগে উপায় ছিল না। ভীষণ ভালো লেগেছে। আবু কায়েসের মৃত্যুর পর তারিক স্বপন নিঃসন্দেহে কালিদহের কূহকে অনেক সাবলীল ও পরিপক্ক। তবে গল্পে আঞ্চলিক ভাষা ব্যবহারের ক্ষেত্রে তিনি সব শব্দ ঠিক মতো ব্যবহার করতে পারেন নি বোঝা যায়। আশা করি এ ব্যাপারে তিনি পরবর্তী সময়ে আরো যত্নশীল হবেন।
গল্প লিখে যান। বলা বাহুল্য আপনার গল্পে মামুন হুসাইন, শাহাদুজ্জামান, হুমায়ুন মালিক এবং প্রয়াত শহীদুল জহিরের ঢঙ দেখে যারপর নেই আশান্বিত হয়েছি। হয়তো আপনার হাতেই বাংলাদেশের গল্প-সাহিত্যের বিপ্লব সংঘটিত হবে।
আগ্রহী পাঠকগণ নিচের লিংক অনুসরণ করতে পারেন :
লিংক : Click This Link
ব্যাঘ্র শিকার ও জীবিকা...
'বনমজুর' গল্পের লেখক মাহবুব লীলেন সুন্দরবন অঞ্চলের বাঘ শিকারী আবদুল কাদের সরকারের পাকা হাতের বাঘ শিকার করার আদ্যোন্ত ঘটনা টানটান উত্তেজনায় চমৎকার বর্ণনা করেছেন। মৎস শিকারীর ছদ্মবেশে আবদুল কাদের সরকার বনরক্ষীদের ধোঁকা দিয়ে লুকানো রাইফেল তাক করে শিকারের অপেক্ষায় চুপচাপ তীক্ষ্ণ দৃষ্টি মেলে বসে থাকে-- ফলে বাঘ মামা পাকা শিকারী কাদের সরকারকে ফাঁকি দিতে পারে না। নামের সাথে তার সরকার শব্দটি সংযুক্ত থাকলেও এর মহিমা বা মাহাত্ম্য বোঝে না আবদুল কাদের; অথবা বলা যায়, তা বোঝার দরকার হয় না-- জীবিকার্জনের জন্য। গল্পে এই সরকার বিষয়ক প্যারাডক্স নিম্নরূপ :
মানুষের বাঘ মারা নিষেধ। কিন্তু বাঘে যে হামেশা মানুষ মারে? সুন্দরবনের এমন কোনো বাঘ আছে যার পেটে যায়নি মানুষের মাংস? অথচ সরকার কিছুই বলে না এখানে। শুধু বাঘ কেন? হারিণ মারাও নিষেধ। কিন্তু হরিণ কি থাকে? হরিণ তো সব হয় বাঘের পেটে না হয় চোরা-শিকারির নৌকায় যায়।--পৃ.৪৯
বন্যপ্রাণী হত্যা করা সরকারি আইনে নিষেধ এবং তা শাস্তিযোগ্য অপরাধ। এ নিয়ম জীবন ও জীবিকার তাগিদে আবদুল কাদেরের পক্ষে মেনে চলা সম্ভব হয় না; কিংবা তার মতো বনমজুররা এই আইন মানার নাগরিক তাগাদাও অনুভব করে না। আবদুল কাদের বাঘ শিকার করে নিঃসন্দেহে সরকারি আইন অমান্য করে অপরাধ করেছে, তবে প্রাকৃতিক অলঙ্ঘনীয় নিয়ম হচ্ছে-- এক প্রাণীকে হত্যা করেই অন্য প্রাণীর জীবন ধারণ। আবদুল কাদের যদি বাঘ শিকার নাও করে, তথাপি কিন্তু সরকারি আইন রক্ষা করতে পারে না হরিণদের। কারণ, অন্য পশু হত্যা করেই বাঘের জীবন বাঁচে, আহার জোটে। সুতরাং নিরীহ হরিণের প্রাণ যদি সরকারি আইন রক্ষা করতে না পারায় কোন দোষ না হয়, তাহলে আবদুল কাদের বাঘ শিকার করলে-- তা দোষের হবে কেন? কারণ মানুষও তো প্রাণী বৈ অন্য কিছু নয়। ফলে কাদের সরকারের এই ব্যাঘ্র শিকার মানব নির্মিত আইনের চোখে অপরাধ হলেও বৃহত্তর প্রাকৃতিক নিয়মের বিবেচনায় অপরাধ হিসেবে গণ্য করার ব্যাপারে দ্বিধান্বিত না হয়ে উপায় থাকে না।
গল্পকার মাহবুব লীলেনের ব্যাঘ্র শিকার এবং বনমজুর কাদের সরকারের জীবিকা উপার্জন বিষয়ক প্যারাডক্স এক কথায় চমৎকার ও পরিশীলিত গল্প। শিকারী কাদের এবং একটি বাঘ শিকারের এই ঘটনা জুড়ে গল্পকারের ঠাঁসবুনোন সাবলীল উপভোগ্য। তবে এ গল্পের দু'একটি বাক্যের অসঙ্গতি লেখকের দুর্বলতা হিসেবে চিহ্নিত হয়। এছাড়া 'বনমজুর' গল্পটি ঝরঝরে একরৈখিক পরিণামমুখী সাবলীল কাহিনীবৃত্তে শিল্পসফল। গল্পকার মাহবুব লীলেনকে ধন্যবাদ এজ্ন্য যে, প্রাকৃতিক প্যারাডক্স ব্যবহার করে মানব সভ্যতাকে প্রশ্নবিদ্ধ করে চমৎকার একটি গল্প উপহার দেয়ার জন্য।
..............ক্রমশ দেখুন
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: ধরে নেয়া যাক-- আপনার বক্তব্যই সঠিক : 'গল্পকারের সচেতন প্রয়াস'। শিপন ভাই আমার বক্তব্য কিন্তু অন্য জায়গায়; আর সেটা হচ্ছে-- পাহাড় বিক্রেতা নজরুল গল্পের শিরোনাম জুড়ে আছে, অথচ গল্পের চালক কিন্তু সরকারি আমলা আরিফ। অর্থাৎ এ জায়গায় আমার মনে হয়েছে গল্পকার যদি আরিফকেই প্রধান করে তুলবেন কিংবা পাহাড় বিক্রেতাকে সচেতনভাবে আড়ালে রাখবেন-- তাহলে নামকরণে পরিবর্তন আসলেও বোধহয় ক্ষতি হতো না।
তাছাড়া আরিফের স্ত্রীর মৃতু্য (ভাই 'য' ফলার সমস্যায় আছি, সমাধান কি) গল্পে একেবারেই কার্যকারণহীন একটি বিচ্ছিন্ন ঘটনা হয়ে উঠেছে। একই সাথে আরিফের হত্যাকাণ্ড সম্পর্কেই বা লেখকের ব্যাখ্যা কি?
কঁাকন বলেছেন:
আপনার চোখে গল্পগুলোকে নতুন করে দেখলাম; গল্পগুলো আবার পড়তে হবে মনে হচ্ছে; অপরবাস্তবের কবিতাগুলো নিয়েও কি লিখবেন সামনে?
লেখক বলেছেন:
ধন্যবাদ। দেখা যাক কতদূর অগ্রসর হওয়া যায়। অনেক ইচ্ছেই শেষপর্যন্ত বাস্তব রূপ পায় না, তারপরও আশা, তারপরও আবারো ইচ্ছে জাগে...
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
নজরুল যে পাহাড় বিক্রেতা , তাকে, বা গল্পে 'আমরা' সমষ্টির বন্ধুদের পাহাড় বিক্রেতা বা মাদকব্যবসায় টেনে আনে আরিফের মতো আমলারা, যারা আকাশের কাছাকাছি উচ্চতায় বাস করে, এবং আকাশের কাছাকাছি তাদের অন্দরমহল থেকে স্ত্রীদের আহ্লাদি কন্ঠ কখনও শোনা যায় এবং বর্হিমহলে যেমন পথে ঘাটে তারা ধবধবে সাদা জামায় আবৃত্ত থেকে পাজারোতে ঘুরে বেড়ায় এমনকি বাইরের নোংরা থেকে তারা নিজেদের বাচিয়ে চলতে সমর্থ হয়, যদিও নিজেরাই নোংরামীর প্রোডাক্ট দেয় দুর্বল বিত্তের বন্ধুদের বিপথে টেনে এনে ।
আর এখানটাতেই আরিফের মতো আমলা বন্ধুকে হত্যার রহস্যের জবাব পাওয়া যায় । দুর্বলবিত্তের বন্ধুরা হয়তো এই সত্য উপলব্ধি করতে পারে যে, তাদের বিপথগামী পরিণতির জন্য ধরা-ছোঁয়ার বাইরে থাকা আরিফই দায়ী ।
একজন পাঠকের দৃষ্টিকোণ থেকে এটা আমার মতামত । লেখক কি বুঝিয়েছেন সে ব্যাখ্যাটা লেখকের কাছ থেকে পেলে পাঠকদের বুঝার ক্ষেত্রটা আরো সহজতর হবে, যেহেতু এই ধারার গল্প ধরতে সাধারণত পাঠকদের একটু বেগ পোহাতে হয় বৈকি !
(আপনার ফন্টের সমস্যার কারণেই এরকম হয় )
লেখক বলেছেন:
আপনার ব্যাখ্যাটি চমৎকার। নতুন করে ভাবনার খোরাক জোগাল। যদি পুনর্পাঠ করা হয় গল্পটি তখন, আপনার ব্যাখ্যাটি মাথায় রেখেই পুনর্বিবেচনা করব গল্পটির।
[অন্য শব্দের বেলায় হয় না, শুধু মৃতু্য বেলায়। তাছাড়া আমি লিখি বিজয় কিবোর্ডে]
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















'আমাদের এক বন্ধু পাহাড় বিক্রি করতো'- এই গল্পে যদ্দুর বুঝি 'পাহাড়' বিক্রেতা এবং 'পাহাড়' এর রহস্য পাঠকের জন্য রেখে দেয়া গল্পকারের সচেতন প্রয়াস ।
তাজিনডং বা কেওক্রাডং যখন ডেলিভারী দেয়া হয়, তখন পাঠকের মনে পড়তে পারে, হিরোইন বা এই জাতীয় মাদকসেবীদের কাছে, 'বস্তুগুলো' মাদকব্যবসায়ীদের দেয়া নামেই পরিচিত হয় । যেগুলোকে পাহাড়ের নামে নাম করণ করা হয়, বা যেগুলোকে তারা পাহাড় বলেই জানে ! যেমন কেওক্রাডং বা তাজিনডং !
আপনার চেষ্টাকে আরো একবার সম্মান জানাই ।