আমিও আমার মাকে ভালবাসি...বড় হবার পর আরো বেশি...মনে হয় নিজে মেয়ে বলে মাকে এখন আগের চেয়ে বেশি বুঝতে পারি বলেই হয়ত...
কিন্তু যখন ছোট ছিলাম, স্কুলে পড়া অবস্থায় বা তারও চেয়ে ছোট, তখন মার চেয়ে বাবাকেই বেশি ভালবাসতাম। এর কিছু কারণও ছিলঃ
১। বাবা অনেক গল্প শোনাতেন, যেটা মা কখনোই সেভাবে পারে না, এই কাজটার জন্য অবশ্য বাবা এখনো প্রিয়... যখনই বাবার বাড়ী যাই...
২। মার হাতে মাঝে মাঝেই বকাঝকা খেতে হত পড়াশোনার জন্য, যেটা বাবা করতেনই না বলা চলে। বাবার কাছে আমি অংক করতাম। এমনটা প্রায়ই হত, সকালবেলা বাবা আমাকে নিয়ে অংক করাতে বসতেন, মাত্র একটা কি দুইটা অংক করালেন, আমিতো আ---র বসে থাকতে পারছি না... ... ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে... ...বাবাকে বলতামঃ আপনি অংকগুলো করে রেখে যান, আমি একটু ঘুমাই, ঘুম থেকে উঠে অংকগুলো দেখে নিব (এই কথাটা মা অফিসে চলে যাবার পরই বলতাম, তা না হলে ... ... ...)। বলেই ঘুম, বাবা কিছুই বলতেন না আমাকে, ঠিকই বেশ কয়েকটা অংক করে রেখে অফিসে চলে যেতেন, আমি মোটামুটি এক ঘন্টা ঘুমিয়ে উঠে অংকগুলো দেখে নিয়ে তারপর স্কুলে যেতাম।
৩। বাবাকে যে কারণে সবচেয়ে বেশি পছন্দ করতাম, সেইটাই এবার বলিঃ
নাইন, টেনে পড়ার সময় সেবা প্রকাশনীর বিভিন্ন উপন্যাস, মাসুদরানা, শরৎচন্দ্রের উপন্যাসগুলো লুকিয়ে লুকিয়ে পড়তাম। সাধারণতঃ সবাই রাতে ঘুমিয়ে গেলে তারপর পড়তাম। তো একদিন বিকেলে দেখি বাবা-মা দুজনে আমাদের বাসার পিছনে উঠানে ছোট একটা সবজি বাগান ছিল, সেটা দেখাশোনা করছে। আমি ভাবলাম এই তো সুযোগ। স্কুল থেকে এক বান্ধবীর কাছ থেকে সেবা প্রকাশনীর একটা প্রেমের উপন্যাস ধার করে এনেছি, সেটা পড়া শুরু করি। বিছানায় উপুড় হয়ে শুয়ে পড়তে পড়তে উপন্যাসের ভিতরে ঢুকে গেছি, কখন যে বাবা আমার পিছনে এসে দাঁড়িয়েছেন টেরই পাইনি। হঠাৎ যখন টের পেলাম, ভয়ে তো আমার আত্না শুকিয়ে আসছে... ... ...। চেহারার দিকে তাকিয়ে আমার অবস্থা টের পেলেন। মুচকি হাসি দিয়ে বললেন, কি, গল্পের বই পড়ছ? ভাল ভাল। গল্পের বই পড়া তো ভাল। আমি তো অবাক!!! এরপর রুম থেকে চলে গেলেন। আমি তাড়াতাড়ি বইটা লুকিয়ে ফেললাম। এই যাত্রা রক্ষা পেয়েছি। এরপর মা দেখে ফেললে খবর আছে... ... ...। তারপর থেকেই বাবা আমার ফেভরিট।।।।
আজ অনেক দূরে বসে বাবার কথা মনে পড়ছে... ... ...।বাবা আমাকে "আব্বা তুমি..." -- এই বলে ডাকতেন। কখনো মা বা আম্মু ডাকতেন না। ঐ ডাকটাই আমার বেশি ভাল লাগতো।
মাঝে মাঝে আদর করে বলতেন, আমার একটা কলিজা (আমি), আর দুইটা গুদ্দা (কিডনী) (আমার দুই ভাই)।
এই মূহুর্তে বাবা-মেয়ে সম্পর্কিত দুটো গানের কথা মনে পড়ছে... ... ...
***** আয়য়য়য়য় খুকু আয়, আয়রে আমার কাছে আয় মামনি, দু'হাতটা বাড়িয়ে ধর এখনি... ... ...
***** আমি যাচ্ছি বাবাআআআ, আমি যাচ্ছি, আমি যাচ্ছি বাবাআআআআ, আমি যাচ্ছি, চোখ মুছে মুখ তোল, স্নেহের বাঁধন খোল, এবার যে তোমায় দিতে হবে যাবার অনুমতি... ... ...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

