বাংলাদেশ সেনাবাহিনী পিলখানায় বিডিআর সদর দফতরের অ্যাকশনে নেমেছে৷ সেনাসূত্রে এই খবর জানা গেছে৷ বিভিন্ন স্থান থেকে সেনা সদস্যরা ভারী অস্ত্র নিয়ে পিলখানার মধ্যে প্রবেশ করছে বলে প্রকাশ৷
এদিকে, অস্ত্র সর্মপণ করতে এবং ব্যারাকে ফিরে যেতে বিডিআর জোয়ানদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রীর এই আহবান জানানো হয়৷ শেখ হাসিনা বলেছেন, তিনি নিজেই সাধারণ সৈনিকদের অভাব অভিযোগের কথা শুনবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন৷ পরিস্থিতি নিয়ন্ত্রনে অ্যাকশনে সেনাবাহিনী৷
আইএসপিআরের ঐ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যদি এ আহ্বানের পরও কোন সৈনিক ব্যারাকে ফিরে না যায়, অস্ত্র সমর্পন না করে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে৷ প্রধানমন্ত্রীর বিশেষ দূত সেখানে যাচ্ছেন৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এখনো সেখানে গুলি চলছে৷
বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, বিডিআর বিদ্রোহে অন্তত একজন নিহত এবং আটজন আহত হওয়ার নিশ্চিত খবর পাওয়া গেছে৷ অবশ্য ঘটনাস্থলে থাকা আমাদের ঢাকা প্রতিনিধি হারুন-উর-রশিদ স্বপন জানিয়েছেন, এই ঘটনায় নিহতের সংখ্যা অন্তত ১২জন বলে শোনা যাচ্ছে৷
এদিকে, বিদ্রোহী বিডিআর সদস্যরা রাস্তায় নেমে এসেছে বলে জানিয়েছে একাধিক সংবাদসংস্থা৷ বার্তাসংস্থা এপি জানিয়েছে, বিদ্রোহী বিডিআর সদস্যরা একটি শপিং মলও দখল করে নিয়েছে৷
সর্বশেষ প্রাপ্ত খবরে জানা গেছে, বিডির কার্যালয়ের ভেতরে আটকা পড়ে আছেন বিডিআরের মহাপরিচালক সহ উচ্চ পদস্থ কর্মকর্তারা৷ জানা গেছে, সকালে দরবার হলে বৈঠকের সময় সাধারণ সৈনিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখার আগে হট্টগোল থামাতে তিনি ও কয়েকজন কর্মকর্তা সাধারণ সেনাদের সঙ্গে কথা বলার সময় তাদের আটকে ফেলা হয়৷ গোলাগুলির এই পর্যায়ে তাদের সঙ্গে যোগাযেগের চেষ্টা করা হচ্ছে৷ তবে তাদের সঙ্গে থাকা টেলিফোনগুলো এখন কাজ করছে না বলে জানা গেছে৷ সেনাবাহিনী তাদের উদ্ধার অভিযান শুরু করছে৷
সাধারণ নগরবাসী প্রচন্ড নিরাপত্তাহীনতায় কথা বলছেন৷
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




