সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত অনির্বাচিত ব্যক্তিকে আইনমন্ত্রী বানানোয় ক্ষোভ প্রকাশ করেছেন।
কৃষক লীগের সভাপতিকে বানানো হয়েছে প্রাইভেটাইজেশন বোর্ডের সভাপতি। তাহলে কৃষকের কথা বলবে কে?
------------------------
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত অনির্বাচিত ব্যক্তিকে আইনমন্ত্রী বানানোয় ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, নির্বাচনে আওয়ামী লীগ ২৬২ আসন পেয়ে জয়ী হওয়ার পরও একজন ‘অনির্বাচিত’ লোককে আইনমন্ত্রী করা হয়েছে। তার কি দায় পড়েছে আইন সংস্কারের? তিনি প্রশ্ন করে বলেন, কৃষক লীগের সভাপতিকে বানানো হয়েছে প্রাইভেটাইজেশন বোর্ডের সভাপতি। তাহলে কৃষকের কথা বলবে কে? গতকাল জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অতিথি মঞ্চে বসে থাকা উন্নয়ন কর্মী খুশী কবিরের দিকে তাকিয়ে সুরঞ্জিত বলেন, চমকের মন্ত্রিসভায় আমরা চমকিত হওয়ার আগেই খুশী কবিররা পুলকিত হয়েছেন। তবে মন্ত্রিসভায় চমক দেখালেই দিন বদল হয় না। তিনি বলেন, এখন দাবি উঠেছে আরও ১০৪ জন নারীকে সংসদ সদস্য বানতে হবে। ভিড়ের জ্বালায় এখনই সংসদ ভবনের ভেতরে হাঁটা যায় না। তারপরে কি হবে? তিনি বলেন, আওয়ামী লীগের মহিলা এমপি হওয়ার জন্য ইতিমধ্যে ৮০ লাখ টাকার মনোনয়নপত্র বিক্রি হয়েছে বলে শুনেছি। প্রতিটি মনোনয়নপত্রের দাম ১০ হাজার টাকা হলে এমপি প্রত্যাশীর সংখ্যা ৮০০। অথচ আমাদের থানা পর্যায়ে কোন নারীনেত্রীর দেখা পাওয়া যায় না। তিনি বলেন, একবার দলের সংস্কারের কথা বলতে গিয়ে সংস্কারবাদী হয়েছিলাম। এই জ্বালা সহ্য করতে হচ্ছে। আবার কিনা কি বলে ফেলি। মিডিয়া ফোরাম ফর হিউম্যান রাইটস অ্যান্ড এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্ট (মেড) আয়োজিত সেমিনারে সুরঞ্জিত সেনগুপ্ত ভূমি সংক্রান্ত সকল জটিলতা নিরসনের জন্য পৃথক ভূমি কমিশনের প্রস্তাব দেন। তিনি বলেন, জোট সরকারের আইনমন্ত্রী ‘মওদুদ সাহেব’ ভূমি হস্তান্তরের কাজ সহজ করে গেছেন! এ জন্যই জমি নিয়ে আজ এত সমস্যা। তিনি মনে করেন, ভূমি সংস্কারের কাজ পরিচ্ছন্ন না হলে কোন দেশ এগোতে পারে না। সময়মতো ধান হলে আমরা খেতে পারি। কৃষকরাই আমাদের সম্পদ। কিন্তু কৃষকদের কোন সংগঠন নেই। অথচ কৃষকরা যখন নড়ে, তখনই বিপ্লব হয়। মেড-এর সভাপতি রফিকুল ইসলাম সবুজের সভাপতিত্বে ও মহাসচিব নিখিল ভদ্রের সঞ্চালনায় বক্তব্য রাখেনÑ উন্নয়ন সংগঠন ‘নিজেরা করি’র সমন্বয়কারী খুশী কবির, সাংবাদিক আলতাফ মাহমুদ, উন্নয়নকর্মী মোহাম্মদ আলী মাসুদ, মাহবুবুল ইসলাম, হারুন অর রশিদ, এবি রাজ্জাক প্রমুখ।
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০০৯ সকাল ৭:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




