কষ্টগুলোকে একটি নীল রঙের খামে পুরে পোষ্ট করেছিলাম নীলাকাশের ঠিকানায়।
নীলাকাশ সেই ডাক নিতে অস্বীকার করে ঝঞ্ঝা-বিক্ষুব্ধ হয়ে উঠেছিল।
অনেক কষ্ট পেয়ে, কষ্টগুলোকে ভুলে যেতে
নীল ছবির নেশায় মেতেছিলাম।
ভেতরের পশুটা জেগে উঠলে, নারীর সওয়ার হয়েছিলাম।
ব্যাথাতুর নারী পশুটাকে বধ করতে পারেনি।
কবিরাজ বলেছিল, ওর গলায় নীলকন্ঠের হার পড়িয়ে দিও।
নীলকন্ঠের হারের খোঁজে দরজা খুলে বেরোতে যাবার মূহুর্তেই
ডাকপিয়ন এসে হাজির।
ফ্যাকাশে আকাশের নীচে তার চিঠির ব্যাগ থেকে
হাতরে বের করে একটি ভেজা বিবর্ণ খাম।
আমি খামটা হাতে নিয়ে খুলে দেখি, সেই চিঠিটা!
কষ্টগুলো খামের নীল বর্ণ শুষে নিয়ে নীলাভ বর্ণ ধারণ করেছে।
সেই থেকে কষ্টের রঙ নীল।
তাই আমরা কষ্টগুলোকে সযতনে বুকে ধারণ করি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


