কিছুদিন আগে শুরু করে ক্ষান্ত দিয়েছিলাম নিজের পরিচয় দেয়া। দীর্ঘ জীবনে কতকিছুই করা হয়েছে এরপরও অনেক কিছু বাকি রয়ে গেছে।
যদিও আমি আমার ছদ্মনাম নিয়েছি আশাবাদী, আমি কিন্তু আসলে নৈরাশ্যবাদী।
আমার জীবনে কোন পরিকল্পনা নেই। নেই কোন উচ্ছাশা। মাঝে মাঝে ভাবি হয় সবার চেয়ে ভিন্ন কিছু করবো। কিন্তু ভাবনাটা ভাবনা হিসেবেই রয়ে যায়।
বয়সের দোষ? অপরিপক্কতা কি বলব?
পড়ালেখায় আগ্রহ নেই। নেই আগ্রহ সামাজিকতায়।
মানুষের সাথে আমি বেশিক্ষণ মিশতে পারি না। হতে পারি না কারও বন্ধু।
আমার পরিবারের সাথেও আমার বেশি যোগাযোগ নেই।
একটা বাস্তব ঘটনা বলি,
আমার এক শিক্ষক আমাকে জিজ্ঞাসা করলেন, "তোমার বাসায় কে কি করেন?"
আমার উত্তর, "কেউ চাকরী করেন, কেউ পড়ালেখা করেন। সঠিকভাবে বলতে পারবো না"
আমার শিক্ষক তখন জিজ্ঞাসা করলেন, "তোমার বাসায় দেয়ালের পুরুত্ব কতো?"
অবাক হয়ে জবাব দিলাম, "৮ ইঞ্চি"
তখন আমার শিক্ষক আমাকে বললেন, "আমি কখনও ৮ ইঞ্চি দেয়ালের এতো শক্তি দেখিনি যে বাসার মানুষের মাঝে এরকম দূরত্ব তৈরি করতে পারে।"
ঘটনাটা সত্যি।
আমরা একই বাসায় একই পরিবারে থাকলেও কবে কোন কারনে যে দূরত্ব চলে এসেছে বলতে পারি না। একই সাথে থাকি, একই সাথে খাই। কিন্তু তারপরও এক নিস্তব্ধতা বিরাজ করে। আমি জানি না আমার পরিবারের অন্যরা কোথায় কি করছেন, জানার আগ্রহও বোধ করি না।
অনেকদিন একসাথে বসে গল্প করা হয়নি। করা হয়নি খাওয়া-দাওয়া। যে যার মতো নিজেদের নিয়ে ব্যস্ত, আমিও ব্যস্ত নিজেকে নিয়ে।
কিন্তু নিজেকে নিয়ে ব্যস্ত কথাটা কতখানি সত্য??
আমার নিজের কোন আগ্রহ নেই কোনকিছুতে। বন্ধু নেই যে তাদের সাথে আড্ডা দিয়ে সময় কাটাব, অনেকদিন বাস্কেটবল বা ক্রিকেট খেলা হয়নি। বই পড়া ছেড়ে দিয়েছি তো সেই কবে। মেট্রিকের পরে মনে হয় নতুন কোন বই কিনে আর পড়িনি।
অনলাইনে এদিক ওদিক ঘুরি। একসময় বিরক্ত হয়ে উঠে টিভি দেখি। তাও সময় কাটে না।
আগ্রহ তৈরি হবে কি করে। আমার চারপাশে যা কিছু দেখি তার মধ্যে কি আছে আগ্রহ তৈরি করার মতো?
মানুষ প্রতিনিয়ত মরছে অনাহারে। ভুখছে অসুখে, হচ্ছে প্রতারিত। তার মাঝে আমি কি করব, আমার অস্তিত্ব কতখানি গুরুত্বপূর্ন? আমি বেঁচে থাকলেও কি হবে আর মরে গেলেও বা কি হবে এই পৃথিবীর?
না কেউ আবার ভেবে বসবেন না আমি হতাশ হয়ে আত্মহত্যা করতে চাই। হুমম এটা ঠিক একসময় বেশ কয়েকবার চেষ্টা করেছিলাম আত্মহত্যা করার, কিন্তু তারপর মনে হলো জীবনের অবসান মানেই তো সবকিছুর শেষ।
আমি পরজন্মে একনিষ্ঠভাবে বিশ্বাসী না যে মনে করবো দোযখ বা বেহেস্ত আমার জন্য আছে।
জীবনটা পেয়েছি যখন তখন একবার চেষ্টা করে দেখতে দোষ কোথায়। আমি পরিবর্তনে বিশ্বাসী। আমি পরিবর্তন করতে চাই। আমি স্বপ্ন দেখি বাংলাদেশে কোন দারিদ্র থাকবে না, থাকবে না কোন অনাচার। আর আমাদের দেশ হবে সত্যিকারের সোনার বাংলাদেশ। আর সেই সোনার বাংলাদেশ গড়তে আমার অবদান কিছুটা হলেও থাকবে।
কিন্তু কিভাবে তা সম্ভব? কোন দিক নির্দেশনা নেই, নেই কোন পথপ্রদর্শক। প্রায়ই উদ্ভ্রান্তের মতো এদিক থেকে অদিক যাই কিন্তু পথ খুজে পাই না।
আশা নিরাশার দোলাচালে আশাবাদী এক আমি??? নাকি এক নৈরাশ্যবাদী যে স্বীকার করতে চায় না বাস্তবতা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

