চরম দারিদ্রের মধ্যে থেকে তারা কী পেয়েছে? মানসম্পন্ন শিক্ষার সুযোগ, না আপনার, আমার কিংবা সরকারের কাছ থেকে অঢেল দান? রাষ্ট্রের কাছ থেকে পায়নি পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ কিংবা পূর্বপুরুষ থেকেও তারা পায়নি কোন প্রাচুর্যের প্রতিশ্রুতি। তাহলে আমরা কী আশা করতে পারি তাদের কাছ থেকে? তাদের শুরুটা হবে কী দিয়ে? চুরি, ডাকাতি বা অন্য কিছু? ক্ষুদ্রঋণ কেমন হবে? – না, “ সব ফকিরের দল! আস্তাকুঁড়েই পড়ে থাক তারা!” – এরকমই আমাদের চিন্তাধারা।
মার্কিন নাগরিকদের ঋণ পরিশোধের ব্যর্থতা যখন পুরো যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ধ্বস ডেকে এনেছিল, তখন কেউ বলেনি ঋণ ব্যবস্থা কিংবা ব্যংকিং ব্যবস্থা বন্ধ করে দেয়া উচিত। কারণ সবাই জানে এটাই বিশ্ব অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। কিন্তু দুঃখের বিষয়, ডঃ ইউনুস যখন এই সুবিধা দরিদ্র মানুষের হাতের নাগালে আনতে চাইলেন তখন কিছু কিছু মানুষ এর বিরুদ্ধে বিষোদ্গার করার জন্য তৈরী ছিল। এ সময় যখন সংবাদটা আসলো, কিছু ব্লগসাইট এটাকে লুফে নিতে দেরী করেনি আর এক শ্রেণীর পাঠক এটা পড়ে আত্মতৃপ্তির ঢেকুর তুলেছে – যেন এর জন্য তারা প্রার্থনা করে আসছিল। এই সংবাদের কোথাও কি লেখা হয়েছে যে ডঃ ইউনুস ঐ টাকা দিয়ে সৌখিন দামী গাড়ি কিংবা বিলাসবহুল বাড়ি কিনেছেন? বা স্বজনের স্বার্থে ব্যবহার করেছেন? একই সংবাদে স্পষ্ট উল্লেখ করা হয়েছে “এ অর্থ রিভলবিং ফান্ড হিসেবে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনায় থেকে গেলে ক্রমশ বাড়তে থাকা কর হারের কারণে ভবিষ্যতে বিপুল পরিমাণ কর পরিশোধ করতে হবে ” – এবং এই কারণেই, গ্রামীণ ব্যাংককে বিপুল আর্থিক ক্ষতির হাত থেকে বাঁচাতে সহকারী প্রতিষ্ঠান গ্রামীন কল্যাণে সেই অর্থ স্থানান্তর করেছেন। চিন্তাসম্পন্ন যেকোন অর্থনীতিবিদই একই কাজ করতেন বলে আমার বিশ্বাস। বিদেশী মিডিয়ার ‘চিলে কান নিয়েছে’ মূলক সংবাদে আবেগ তাড়িত না হয়ে মূল ঘটনা তলিয়ে দেখা উচিত। এর জন্য গ্রামীণ ব্যাংক এর মূল ওয়েবসাইটে গিয়ে এই অর্থ স্থানান্তরের উদ্দেশ্য, সুদের হার, এর কারণ, এর পেছনের সংগঠকদের অবদান ও মালিকানার তথ্য সঠিকভাবে জেনে নেয়ার জন্য জন্য সবাইকে পরামর্শ দিচ্ছি। সেই সাথে দেশের একজন বরেণ্য ব্যক্তিত্ব এবং আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত একজন সম্পর্কে ব্লগে, ফেইসবুকে কিংবা অন্যকোথাও কিছু পোস্ট করার আগে পরিণত চিন্তার অবকাশ রাখবেন এটাই আশা করি।
কৃতজ্ঞতা স্বীকারঃ সৈয়দ জামাল
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




