বাংলাদেশ ক্রিকেট দলের গতকালের বিজয়ে উল্লাস করতে গিয়ে ট্রাক উল্টে একজন নিহত এবং ২০ জন আহত হয়েছে। রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় গতকাল গভীর রাতে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
গুলশান থানার উপপরিদর্শক (এসআই) এস এম তুহিন জানান, নিহত ব্যক্তির নাম আজাদ। তার গ্রামের বাড়ি ভোলা। সে এ বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। উত্তরা ৮ নম্বর সেক্টরের আবাসিক এলাকার পাশের একটি বস্তিতে সে থাকত।
গুলশান থানা পুলিশ জানিয়েছে, আবদুল্লাহপুর এলাকা থেকে রাত দেড়টার দিকে একটি ট্রাকে করে একদল তরুণ উল্লাস করতে করতে মহাখালীর দিকে যাচ্ছিল। বনানী ১১ নম্বর রোডের পশ্চিম মাথায় বিমানবন্দর সড়কে ইউটার্ন নেওয়ার সময় ট্রাকটি রোড ডিভাইডারে ধাক্কা খেয়ে কাত হয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই একজন নিহত ও ২০ জন আহত হয়। আহত ব্যক্তিদের মধ্যে অনেকেই প্রাথমিক চিকিত্সা নিয়ে চলে যায়। কয়েকজনের অবস্থা গুরুতর।
এ ঘটনায় আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের একটি চোখ নষ্ট হয়ে গেছে। তাঁর নাম সাইফুল। তিনি আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। ঢাকার শেরেবাংলা নগরের জাতীয় চক্ষু হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। সাইফুলের বাবা মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, তাঁর ছেলের একটি চোখ পুরোপুরি নষ্ট হয়ে গেছে। রফিকুল ইসলাম টিসিবির গাড়িচালক।
এ ঘটনায় রফিকুলের মামাতো ভাই আশরাফ আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
এ ছাড়াও মাহবুব নামে ঢাকা কলেজের এক ছাত্র আহত হয়ে ইবনে সিনা হাসপাতালে চিকিত্সা নিচ্ছেন।
গুলশান থানা পুলিশ আজাদের মৃতদেহ তাঁর ভাই আনোয়ারের কাছে হস্তান্তর করেছে। আনোয়ারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ হস্তান্তর করা হয়েছে বলে গুলশান থানা পুলিশ জানিয়েছে। মৃতদেহ নিয়ে আজাদের স্বজনেরা গ্রামের বাড়ি ভোলায় রওনা দিয়েছেন বলে জানা গেছে।
এ ঘটনায় গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সূত্রঃ প্রথম আলো
সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


