
"লোড শেডিং" আসলেই এক চমৎকার শব্দ,
আত্মকৃত না আত্মীকৃত এখন আমি খুব একটা টের পাই না।
কেবল পাই একটা স্পীড, কেবল পাই একটা থ্রীল
কেবল পাই কত চন্দ্রভুক আমাবস্যার আসা যাওয়ার মিছিল,
কথা না রাখা, অজুহাত, কালোহাত, নিপাত আরো কত পাঁচ-সাত!!
মনে হয় শব্দটার সাথে ডেনিলসনের শৈল্পিক ফুটবল ড্রিবলিং এর বেশ মিল আছে।
মাঝে মাঝে মনে হয় শব্দটার সাথে "বিদ্রোহ" শব্দটার বেশ সখ্যতাও আছে।
নাকি এ আমার ভ্রম ; কারন দ্রোহ আমার প্রিয়, তাই সব কিছুতে আমি বিদ্রোহ দেখি?
নির্মোহ চোখে লোডশেডিং এ স্নিগ্ধতাও কি আছে প্রবল?
লোড হতে হতে ক্লান্ত হলে তাকেই কি শেডিং বলে?
নাকি শেডিং এর বিবস্ত্র রূপই লোড?
শব্দটা তবুও আমাকে গোলাপের মত সুভাস দেয়;
অথবা ত্রিশনুকের মত বিদ্ধ করে,
আমি কেন যেন ভুলতে পারছি না লোডশেডিং শব্দটাকে,
কেমন যেন নিকষ কালো আঁধার এক:
অথবা আঁধার ভাঙ্গার এক উজ্জীবনী গান
তাই অপলক- প্রগলভ বলে যাই বিরামহীন , শ্রীহীন লোডশেডিং লোডশেডিং।
বারান্দায় গিয়ে আমার চাঁদ দেখা হয় না, নেয়া হয় না জানালার পাশের হাসনা হেনার সুভাস।
অথচ লোডশেডিং আমাকে হাত ধরে প্রকৃতির খুব কাছে নিয়ে যায় অনায়াস,
আমাকে সাশ্রয়ে করিয়ে দেয় ক্যান্ডল লাইট ডিনার।
ভুলতে বসেছিলাম প্রতীক্ষা অবসানের পুলক,
কিন্তু লোডশেডিং টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের মত আমাকে প্রতি বলে বলে এখন দিচ্ছে সে পুলক ।
মুখর ঝগড়া অবসানে লোডশেডিংকে মনে হয় তাল পাতার এক পেলব "হাত পাখা"।
আলোর ঝলকানিতে ক্লান্ত হলে মনে হয় সে আমার আরাধ্য এক গোপন প্রিয় সখা।
লোডশেডিং কি তাহলে একটা নিরেট কবিতা?, যেখানে আলো আছে, অন্ধকার আছে,
ক্ষোভ আছে বিক্ষোভ আছে, বিরহ আছে, আছে তিন যুগের আর্তনাদ,
নাকি কেবল অনন্ত ধারাবাহিক এক উপন্যাস,যার পরতে পরতে দীর্ঘশ্বাস?
লোডশেডিং মানে কি তবে শক্তি, শক্তি সঞ্চয়ের, ব্যবহারের প্রবল আকাঙ্খা?
সচল আমাদের শক্তি ব্যবহারের সক্ষমতার প্রমান?
তবে ক্রমিক লোডশেডিং মানে কি ক্রমিক উন্নতি? প্রমাণ করা "নিশ্চয় আমরা নিশ্চল নই!"
লোডশেডিং মানে সচল তেজী,শক্তি, রোমান্টিক,আঁধার ভাঙ্গার এক উজ্জীবনী গান
লোডশেডিং মানে আঁধার সিঁড়িতে লাবণ্যের লাবণ্য চুরি চুমু, ভালবাসায় অফুরান:
তাই অপলক,প্রগলভ বলে যাই বিরামহীন , শ্রীহীন লোডশেডিং লোডশেডিং।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



