মেঘ
আজ আমি অনেক পরিণত, অনেক বোধের আকাশ আমার দখলে আজ । তোমার সুখ আমাকে ভীষণ রকম ভালো লাগায় দোলায়। আমার আদিগন্ত প্রার্থনা তোমার তরে। তোমাকে লিখবো এইসব কখনো মন চায়নি বলেই লুকিয়ে লেখা। হয়তো কোনদিন তুমি জানবেনা অথবা জানলেও দেখতে পাবে না। যাই হোক তুমি ভালো আছো সুখে আছো এইসব খবর আমাকে অমল আনন্দ দেয়। একদিন স্বপ্নের আকাশে অনেক নক্ষত্র ছিলো, অনেক ঝলমলে ছিলো আর আজ ধূসর মেঘে ঢাকা আকাশে কোন আলো নেই,গাঢ় নীল রং কষ্টের আমন্ত্রণ পত্র যেনো। তুমি আমাকে বিয়ে করাবে তার জন্য তুমি পাত্রীও দেখছো এরকম কখনো কথা ছিলো না। এইসব তুমি করনা কখনো তাহলে সারা জীবন ক্ষমা পাবে না আমার কাছে। আমার জীবনটা একান্ত আমার, কে আমাকে কথা দিয়ে কথা রাখেনি এইসব এখন ফেলে আসা অতীত,বিস্মৃতপ্রায় .....তুমি সুখ চেয়েছিলে, নির্ভরতাও। পেয়েছো সবই; কেনো তবে এখনো আমাকে তোমার আবদার আর অনুরোধ রাখতে হবে বলো? যেদিন গ্রহের ফেরে পরে আমার আকাশ ক্রমশ ভঙ্গুর হচ্ছিল সেদিনতো তুমি বলনি -ভালোবাসি।আর আজ দুঃখ বিলাসী তুমি আমাকে কুঁড়ে কুঁড়ে দুঃখ দিতে চাও-কিংবা পেতে চাও অমল আনন্দ। চাইলেই পাবে তুমি এমন দিব্যি তোমাকে কেউ দেয়নি। হয়তো তুমি পাবে কারণ নিজেকে সমর্পিত করে এক ধরণের নিখাদ আনন্দ পাই আমি। কি ভীষণ রকম সহজ সরল আর সাদামাঠা ছিলাম তখন আর কি অপরিণত ছিল চারপাশ কিংবা আমি নিজে ও......এখন বুঝি আকাশ জুড়ে যে তারা জ্বলে তারা কতটা কষ্টের ভারী বোঝা বহন করে কিংবা মেহেদী পাতার লাল রং কতোটা বিধ্বংসী তার জন্য। তুমি এইসব বুঝবেনা। তুমি এইসব জিনিসে অভ্যস্ত নও। তুমি কেবল বুঝ জীবনের নির্ভরতা ,অমল সুখ, শুভ্র মেঘের পালক বিছানো চাদর,পরবাসী হয়ে বসবাস করার অমল স্বাধীনতা এইসব হাবিজাবি। আমিতো আকাশের সমান হতে চাইনি কখনো-তুমি আমাকে শিখিয়েছিলে নক্ষত্রের জ্বলে উঠা রাতে কি রকম মন খারাপ করা ভালো হয়ে যায় অথবা আর জ্যোৎস্নায় কি করে ছুঁয়ে ছুঁয়ে যায় চারপাশ। ভালোবাসায় আনাড়ি আমি তখনো বুঝিনি জোসনা রাত , নক্ষত্রের খসে পড়া। এখন বুঝি যে নক্ষত্র খসে যায় সে আর কোনদিন আলো দিতে পারে না , কোনদিন আর আলো দেয় না।
এতো সহজে হারা যায় জীবনে কোনদিন জানা ছিলোনা। কিংবা ভাবিনি কখনো তাই হয়তো আমাকে এপিটাফ লিখতে হয়। আচ্ছা তুমি কি কখনো আকাশ দেখতে; তোমার, আমার কিংবা আমাদের। বারান্দায় এক চিলতে রোদ্দুর এসে তোমায় কি বলতো রোজ রোজ চুপি চুপি কিংবা দখিনা বাতাসের সঙ্গে তোমার এতো মিতালি ছিলো কেন ?---আজ বুঝি, তুমি ভীষণ রকম চালাক ছিলে আর এইসব রোদ্দুর দখিনা হাওয়া তোমাকে একধরনের অমল সুখ দিতো---পাওয়ার সুখ , প্রত্যাশার সুখ। সুখ থেকো মেঘ ।
মেঘলা আকাশ।
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



