ভোলা-৩ আসনের উপনির্বাচনে ফল বাতিল এবং প্রধান নির্বাচন কমিশনারসহ তিন কমিশনারের পদত্যাগ দাবিতে সোমবার বিকালে নির্বাচন কমিশন অভিমুখে মিছিল করবে বিএনপি। বিকাল ৩টায় মুক্তাঙ্গন থেকে এ কর্মসূচি শুরু হবে। পূর্বঘোষিত এ কর্মসূচি সফল করতে মহানগর বিএনপি বিভিন্ন ওয়ার্ড থেকে দলীয় নেতাকর্মীদের মুক্তাঙ্গনে আসার নির্দেশ দিয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সোমবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ কর্মসূচি হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ। মুক্তাঙ্গনে সংক্ষিপ্ত সমাবেশ করে আমরা নির্বাচন কমিশন অভিমুখে মিছিল শুরু করবো।"
তিনি জানান, মুক্তাঙ্গনের সমাবেশে দলের জ্যেষ্ঠ নেতারা বক্তব্য রাখবেন।
গত ২৪ এপ্রিল অনুষ্ঠিত ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী নূরুন্নবী চৌধুরী শাওন জয়ী হন। নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন হাফিজ উদ্দিন আহমেদ। সংসদ সদস্য হিসেবে শনিবার শপথ নিয়েছেন শাওন। বিএনপি নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ আনলেও নির্বাচন কমিশন (ইসি) তা নাকচ করে।
বিএনপির কর্মসূচি উপলক্ষে সাদা পোশাকেও পুলিশ মোতায়েন থাকবে বলে জানিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও জনসংযোগ কর্মকর্তা মো. ওয়ালিদ হোসেন।
তিনি বলেন, "রাজধানীতে আইন-শৃঙ্খলা বিনষ্ট হতে পারে এরকম কোনো কর্মকাণ্ড হতে দেওয়া হবে না। দেড় হাজার পুলিশের বাইরে সাদা পোশাকধারী পুলিশও মোতায়েন থাকবে।"
------------------- বিডিনিউজ
সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০১০ সকাল ১১:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



