কোটালীপাড়ায় ২০৩ রাজাকার, আলবদর, আলশামসসহ যুদ্ধাপরাধীর তালিকা প্রকাশ করা হয়েছে। কোটালীপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার মুজিবুল হক স্বাক্ষরিত এ তালিকায় শীর্ষ আওয়ামী লীগ নেতা ও তাদের আত্মীয়স্বজনের নাম রয়েছে। এরা হলেন পৌর মেয়র এইচএম অহেদুল ইসলামের বাবা বাহাদুর হাজরা, তার ভগ্নিপতি রেজাউল হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া দাড়িয়ার বাবা মুন্সি রজ্জব আলী দাড়িয়া, মহিলা আওয়ামী লীগ সভানেত্রী রাফেজা বেগমের বাবা আবদুল বারেক হাওলাদার, তার ভাই আজিজুল হক হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান হাওলাদার, আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আবুল কালাম দাড়িয়ার বাবা মালেক দাড়িয়া, গোপালগঞ্জের এপিপি অ্যাডভোকেট দেলোয়ার হোসেন সরদার ও তার বাবা হাসেম সরদার, উপজেলা শ্রমিক লীগ সভাপতি আমির হোসেনের বাবা মহন মিয়া।
১ এপ্রিল একই ব্যক্তি স্বাক্ষরিত কোটালীপাড়ার ১৯৪ যুদ্ধাপরাধীর তালিকা প্রকাশ করা হয়। এ নিয়ে দ্বিতীয় দফা এ তালিকা প্রকাশ করা হলো। যুদ্ধাপরাধীর এ তালিকা নিয়ে কোটালীপাড়ায় খোদ আওয়ামী লীগসহ বিভিন্ন মহলে তোলপাড় সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধারা দু’শিবিরে বিভক্ত হয়ে পড়েছেন। কোটালীপাড়া পৌরসভা ও মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচনকে সামনে রেখে এ ধরনের বিতর্কিত তালিকা প্রকাশ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে কোটালীপাড়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মুজিবুল হক বলেন, দ্বিতীয় তালিকায় আমি স্বাক্ষর করিনি। আমার স্বাক্ষর টেম্পারিং করে প্রতিপক্ষের লোকজন এ তালিকা প্রকাশ করেছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

