গত রাত ১০ টার দিকে (ডিজিটাল) পল্টনের বোনের বাসা থেকে আমি আর আমার বউ রিক্সায় গল্প করতে করতে নিজ বাসগৃহে (পুরান ঢাকায়) ফিরছিলাম। মধ্যবয়স্ক রিক্সাওয়ালা ধীরে ধীরে রিক্সা টানছিলেন। চন্দ্রালোকিত রাজপথে রিক্সায় মন্দ লাগছিল না। প্রেস ক্লাব পেরিয়ে হাইকোর্ট মোড় পার হচ্ছিলাম। পেছন থেকে আমাদের রিক্সার খুব কাছ দিয়ে একটি কালো ট্যাক্সি ক্যাব পার হচ্ছিল। হঠাৎ বউ এর চিৎকার শুনে পাশ ফিরে দেখি বউ এর অতি প্রিয় ভ্যানিটি ব্যাগ নিয়ে বউ এর সাথে ক্যাবে বসা লোকের টানাটানি। অসীম সাহসিকতার সাথে ক্যাবের দুর্বৃত্তকে পরাস্ত করে এই টানাটানিতে আমার বউ জয়ী। আমার বউ এর কাছে পরাস্ত হয়ে ক্যাব ওয়ালাদের দ্রুতবেগে ঘটনাস্থল থেকে প্রস্থান। অল্পের জন্য আমি আফসুস (চাঙ্কু জেডার কাছ থেকে ধারকৃত) খাওয়া থেকে রক্ষা পেলাম। ব্যাগ টানাটানিতে আমার বউ যদি জয়ী না হতো তাহলে টানাটানির সংসারে আমি বড়ই বিপদে পড়ে যেতাম। বউকে অনেক ধন্যবাদ। তার বীরত্বের জন্য আমার মান ইজ্জত এবারের মতো রক্ষা পাইল। আমার মতো সাহসী(?) লোকের উপস্থিতে বউ এর ব্যাগ ছিনতাই হলে আমার মান ইজ্জত কি আর অবশিষ্ট থাকতো? ঘটনাটি এত দ্রুত ঘটেছে যে বউ এর কাছে আমি আমার সাহসের পরিচয় দেয়ার কোন সুযোগই পাইনি। কেবল ক্যাবটি পলায়নের পর রিক্সাওয়ালাকে বলেছিলাম- "ভাই জোরে চালানতো, দেখেনতো ক্যাবটাকে ধরতে পারেন কি না। একবার ধরতে পারলে আমার বউ এর ব্যাগে হাত দেয়ার মজা বুঝাতাম।" ভাগ্যিস রিক্সাওয়ালা প্রাণপনে চালিয়েও ক্যাবটির নাগাল পায়নি।
বি:দ্র: এটা কোন ফান পোস্ট নয়, ১০০% সত্য। পেছন থেকে আসা কালো ক্যাব থেকে সাবধান।
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০০৯ দুপুর ১:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



