বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফির ওপর সাড়ে চার শতাংশ মূল্য সংযোজন কর প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ, মিছিলসহ সব ধরনের প্রতিবাদ কর্মসূচি নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ। আজ বুধবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
মূল্য সংযোজন কর প্রত্যাহারের দাবিতে গত সোমবার শিক্ষার্থীরা বনানী ও মহাখালীতে দীর্ঘ সময় সড়ক অবরোধ করে রাখেন। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। তাঁরা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন।
পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশ ১৯৭৬-এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে মূসক প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ, গাড়ি, সম্পদ ভাঙচুর ও ধ্বংসাত্মক কাজে লিপ্ত হওয়া এবং রাজপথ, সড়ক ও গলিতে অবস্থান, মিছিল, প্রতিবাদ সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।
পুলিশের দাবি, আন্দোলনরত শিক্ষার্থীদের সড়ক অবরোধ তুলে নিতে অনুরোধ করার পরও শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখেন এবং যানবাহন ভাঙচুর করেন। এ সময় শিক্ষার্থীদের ইটের আঘাতে পুলিশের ১২ জন সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে সাতজন শিক্ষার্থীকে আটক করা হয়।
প্রথম আলো থেকে নেওয়া।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

