এবার নতুন কিছু চাই , কোন কল্প নেয়া অস্তমিত আনন্দ ।
ডুবে যাওয়া রোগীনি গোধূলীতে ,
আদিম ঘরে ফেরা -
আদিম কোন অরক্ষণীয় অন্ধকারকে,
আমার দুর্বল নিপুন এপোথিয়োসিসজনিত গল্প শুনাতে পারিনা , আফসোস - আমি সভ্যশয়তান - হতে পারতাম মিথের দেবশিশু ।
প্রপন্ন সময় আর আলোহীন
কাঠামোতে আমার অবদানগুলো কী কী ?
চল, কিছু সিপিইউ সাইকেল সহ নির্লিপ্ত নির্জনে ।
- তুমি আর আমি
- সুর সুগন্ধ এবং জীবনের গম্ভীর কবরে সমাহিত এক কবিকে অক্লান্ত ব্যবচ্ছেদ
- কমলালেবুর মাংস ঘেরা বিষন্নতা
- শ্রীদন্ত শৃগাল আমি আঁকি , তুমি আমার মানবীর মুখ আমার টক আঙ্গুর ফল আমার মদ আমার সর্বকালের না পাওয়া, আঁকি
- ঢের ঢের অতীন্দ্রিয় অপচয়
চেতনায় জ্বলে থাকেন ফ্রাংক ড্র্যাক, প্রজেক্ট উজমার বাতি তার দৃঢ় হাতে , ইউ এফ ও, বেতার তরংগে কান পেতে থাকি - খাটাশ এলিয়েনটিকে আমার ভাই বলতে দুপায়ে দাঁড়িয়ে ঘুমুচ্চি ।
কতগুলো মানুষের বাচ্চা (!) আজ সুদৃশ্য কুয়াশার চাদরে মাকে খুজছে কৌতুকময় রাজপথে ?
পূর্নিমার ঠকবাজ আলো -
আমি আছি, আমি আছি - বলে অশ্লীল জিকির করছে শীতার্ত শিশুদের অবচেতনে !
"জাড় লাগে মা রে , বড় জাড় লাগে!" ।
আমাদের
ক্যালোরিফিক গুলশানের কর্পোরেট পাপের কিন্নরতায় ক্রিষ্টাল টুং টাং ওয়াইন, কমলা রং শাড়িতে প্রমদা-পন্য ক্লিভেজ -
আমি বধির হয়ে যাই টুং টাং মূর্ছনায়, কমলা রং শাড়িতে প্রমদা-পন্য ক্লিভেজের হাস্কি ভয়েস "cumon baby! Play it!"
আমি শুনতে পাই না "জাড় লাগে মা রে, বড় জাড় লাগে !' ।
কুড়িগ্রাম কয়েক আলোক বর্ষ দূরে, শব্দেগুলোর কি সাধ্য আমার কানে এসে লাগে ?
তাই খাটাশ এলিয়েনটিকে আমার ভাই বলতে দুপায়ে
দাঁড়িয়ে ঘুমুচ্চি, অহর্নিশি ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


