কুকুর কুকুরকে কামড়ায়, কোনো প্রতিহিংসায় নয়,
শুধু ক্ষুধা নিবারণের তাগিদে-জটর জ্বালায় খাবারের কর্তৃত্বে।
ঠিক তেমনি শকুন আরেক শকুনকে কামড়ায়।
কিন্তু এখানে মানুষ মানুষকে মেরে ফেলে শুধু-
আক্রোশে আর প্রতিহিংসায়।
অধিকার আদায়ে কোথাওবা আগুন জ্বলে,
বুকের ভিতরের রক্তাক্ত লোহিত কণা ,বারুদ হয়ে যায়-
সমাজ বদলের লড়াইয়ে কোনো যুবক আত্মাহুতি দেয়-
কিন্তু এখানে শুধু ব্যক্তিগত ইমেজ প্রতিষ্ঠায় রাজপথ অবরোধ হয়-
বাসে আগুন জ্বলে।
বিরোধ প্রশমিত হয়,শ্রেণী বৈষম্য দূর হয়,
বুদ্ধিজীবীর ভাষা সব এক হয়ে যায়
শিক্ষক -ছাত্র এক রাজপথে সোচ্চায় হয় শুধু দেশপ্রেমের টানে,
কিন্তু এখানে স্বীয় স্বার্থে দেশপ্রেম অন্ধকারেই বিক্রি হয়ে যায়।
বুদ্ধিজীবীর মাথা আলাদা হয়ে যায় বিবেকবোধ থেকে।
এখানে মানুষের মৌলিক অধিকার-রাজনৈতিক জোঁক যেন রক্ত চুষে খায়।
এখানে স্বাধীনতার রুপ বারবার দ্বিখন্ডিত হয়,
এক ইতিহাস বারবার বদলে যায়, বইয়ের পাতায়-
এখানে দেশপ্রেমিকের প্রতি ভালোবাসা জোর করে চাপিয়ে দেয়া হয়।
এ কেমন স্বাধীনতা যেখানে স্বপ্ন সব দুঃস্বপ্নই থেকে যায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


