অনেক দিন আগে এক দুপুরে
ট্রেনের লাইনে দশপয়সা রেখেছিলাম
তখন বুঝিনি
চ্যাপ্টা হবার জন্য রেললাইন যথেষ্ঠ নয়
সেই দুপুরেই এক রাখালের সাথে পরিচয়
শ্যাওলা ধরা দড়ি কাঁধে ঝুলিয়ে
হারিয়ে যাওয়া মেষ শাবক খুঁজছে
ছেলেটা বুঝতে পেরেছিলো --
আমার চোখে রাখাল হবার স্বপ্ন
তাই হয়তো আর কথা বাড়ায়নি
একবার পলক ফেলেই দেখলাম
কতগুলো না চাওয়া স্বপ্ন
নিউরন কোষগুলোতে
রঙিন পুঁথির মালার মত
সুন্দর করে গেঁথে বসানো
দুর্বল পায়ের কাছে
গজিয়ে ওঠা কাঁটাতার
মুহূর্তের মধ্যে পেঁচিয়ে
বসিয়ে দিলো দ্বিধাবিভক্ত স্তম্ভে
স্তম্ভ গুনে গুনে
দুঃস্বপ্ন পার করছি
সেই দশপয়সা টা
জানি না কেমন আছে
আমি যেন সেই প্রাচীন বৃদ্ধ নাবিক
গলায় মৃত এ্যলবাট্রস ঝুলিয়ে বসে আছি
এক কালো জাহাজের প্রতিক্ষায়
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০০৯ রাত ১:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


