মাথা ব্যাথা হলে মাথা কেটে ফেলাটা কোন সমাধান হতে পারে না।
বুয়েটে/ ঢাকা ভার্সিটিতে যারা ভর্তি হতে চায় তারা কি সারাদেশ থেকে বুয়েটে/ ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিতে আসে না? তাহলে মেডিকেল পরীক্ষা শুধু ঢাকাতে নিলে কি সমস্যা? তাহলে আর বাইরে প্রশ্ন পাঠানো লাগবে না। যারা বলেন যে মেডিকেলে ভর্তি পরীক্ষা না নিয়ে এসএসসি এইচএসসি রেজাল্টের ভিত্তিতে ভর্তি করা হোক, হয় তারা অনেক আগে পাশ করেছে নাহলে তারা সায়েন্সের ছাত্র না।
আমি এমন অনেককেই দেখেছি বইয়ের অনেক কিছুই বাদ দিয়ে দেয়, বলে যে এগুলো পরীক্ষাতে আসবে না। পরবর্তীতে তারাই কিন্তু ভাল রেজাল্ট করে। তাই এসএসসি, এইচএসসির রেজাল্ট দিয়ে মান আসলেই যাচাই করা যায় না।
আমার কিছু প্রস্তাব আছে এই নিয়ে,
১। সরকারি মেডিকেল আর বেসরকারি মেডিকেলের জন্য একসাথে পরীক্ষা নেয়ার কোন দরকার দেখি না। আলাদাভাবে পরীক্ষা নেয়াটা ভাল।
২। এখন ৬০-৭০ হাজার ছেলে মেয়ে জিপিএ ৫ পায় প্রতি বছর সেখানে মেডিকেলে জিপিএ ৪ পেলেই এখন আবেদন করা যায়! কি হাস্যকর ব্যাপার! বুয়েটে ভর্তি পরীক্ষা দিতে যেখানে ইংরেজী, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এই চার বিষয়ে আলাদা করে জিপিএ৫ পেতে হয়, সেখানে মেডিকেলের জন্য এই হাস্যকর সিস্টেম কেন?
এটলিস্ট জিপিএ ৫ পেতে হবে এসএসসি এইচএসসি দুটোতেই- এমন সিস্টেম করা উচিৎ সরকারি মেডিকেলের জন্য। আর বেসরকারির জন্য কিছুটা কম জিপিএ নেয়া যেতে পারে। এই জন্যই বলেছি আলাদা ভর্তি পরীক্ষা নিতে।
৩। সব পরীক্ষা কেন্দ্রীয় ভাবে ঢাকাতে নিতে হবে। এটা অসম্ভব কিছু না। ইচ্ছে করলেই সব পরীক্ষা ঢাকাতে নেয়া যায়। যার মেডিকেলে পড়ার ইচ্ছে আছে সে একদিনের জন্য ঢাকা আসতে পারবে। ঢাকার বাইরের ভার্সিটিগুলোতে পরীক্ষা দিতে কিন্তু ঢাকার ছেলে মেয়েরা বাইরে যায়। আর ঢাকার ভার্সিটিগুলোতে পরীক্ষা দিতে কিন্তু বাইরের ছেলে মেয়েরা ঢাকাতে আসে। সুতরাং, মেডিকেলের পরীক্ষা কেন্দ্রীয়ভাবে ঢাকাতে নিলে কোন সমস্যা হবার কথা নয়।
কিছুদিন আগে শুনলাম নটরডেম কলেজের ভর্তি প্রক্রিয়া নিয়ে সরকার অনেক বেশি মাথা ঘামাচ্ছে। বয়সকে মানদণ্ড হিসেবে ধরে গত বছর বা তার আগের বছর ভর্তি করা হয়েছে কলেজ গুলোতে। আমি এসবের কোন অর্থ খুজে পাই না। বয়স কিভাবে ভর্তির মানদণ্ড হয়?
পরীক্ষা নিয়ে নিত্যনতুন নিয়ম যারা তৈরি করেন তারা এই দেশের এই বাচ্চা ছেলে-মেয়েগুলোকেই তাদের গিনিপিগ হিসেবে ব্যাবহার করেন।
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০১২ ভোর ৬:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




