একদিন সকালে হঠাৎ ঘুম ভেঙে যায়।
চিৎকার করে কেঁদে উঠি প্রতিবাদে,
"স্বপ্নরাজ্যেই তো ভাল ছিলাম, ঘুম ভাঙলো কেন?"
তারপর কান্না থেমে গেলে, কে যেন কানে ফিসফিস করে বলে -
'তোমার দিন শুরু হয়ে গেছে, এবার তবে ওঠো!'
হামাগুড়ি দিয়ে উঠি;
শেষে এক পা - দু'পা করে ঘর ছেড়ে বাইরে.....
অবাক বিস্ময়ে দেখি আমারই মত অনেক মানুষ!!
কেউ হাটছে, কেউ দৌড়াচ্ছে;
কেউ বা ক্লান্ত হয়ে চুপচাপ বসে আছে,
দু'চোখ ভরা হতাশায় অন্যের ছোটা দেখছে!!
দেখতে দেখতে আমিও দৌড়াতে থাকি।
দে ছুট! দে ছুট! আরো জোরে দৌড়া!!
মধ্যগগনের সূর্য মাথায় নিয়ে ছুটছি,
কি এক আশ্চর্য উন্মাদনা সবার মাঝে।
অতঃপর একে একে প্রবীন সাথীরা পেছনে পড়ে যায়,
মনে প্রশ্ন জাগে - কিসের জন্য ছুটছি এভাবে?
কোন উত্তর জোগায় না প্রশ্ন!
ততক্ষণে সূর্য অস্তাচলে,
চরম হতাশার সাথে মনে পড়ে
ছুটতে গিয়ে পথের কিছুই তো দেখা হল না!
অথচ পথেই ছিল সব কিছু, এখন সব পেছনে পড়ে আছে; হায় হায়!!
এরপর ক্লান্ত শরীর ভেঙে পড়তে চায়,
আর ছুটতে পারি না...।
মনে পড়ে ঘরের কথা।
তারপর রাত নেমে গেলে
ধীর পায়ে ক্লান্ত শরীরটাকে টেনে নিয়ে আসি ফেলে যাওয়া ঘরে।
ঘুমে চোখ বুজে আসছে,
এবার তবে ঘুমাবার আয়োজন করি।।
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০০৮ সকাল ১১:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


