সে সবুজ বৃষ্টিবনে ভেজা বেণী নেড়ে কালো ফুল
আমাকে প্লাবিত করেছিল
আমার ফড়িং-মন বেশ তো উড়তো নলখাগড়ার বুকে
তাতারা রাবুগার কি রকম সুকোমল ধমকে
দুরন্ত ইচ্ছের ডানা চেপে ধরেছিলো এক প্রেমিক-পাথর
আমি চা-বাগান থেকে তুলে নিয়ে সন্তর্পণে কিছু অভিমান
কাঁধের ঝুলন্ত ব্যাগে জমিয়ে রেখেছি
যে রকম ঝোলা ছিল কোনো সাহসী সন্তর কাঁধে
আর সে পাহাড়ী হাসি সুতোর মাথায় বেঁধে আমি
আজো নাটাই হাতড়ে চলি
সে নিরেট পিছুটানে প্রেমিক হয়েছি খাঁটি, পাথরের মত
হেঁটে চলি পৃথিবীর চুলে
রাত জেগে পথ চলি - বুকে বাজে সাঁওতালী-নাচ
আমার দৃষ্টিতে ওড়ে পাহাড়ী সবুজ চুল ; মেঘ
সেই প্রাচীন রমণী ভেবে
এখনো পাথর ভালোবাসি -

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



