[ খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়
তারে ধরতে পারলে মনো - বেড়ি দিতাম পাখির পায়
কেমনে আসে যায় ...]
বালিয়াড়িতে দোয়েল খুঁজতে গিয়েছিলাম । এটা
ছিল প্রথম ভুল । পেলাম পেঙ্গুইন । যে আমার
নয় । ডানার সে মেঘ আস্তে আস্তে কবুতর হলো ।
তারপর থেকে নিয়মিত চিঠিপত্তর পেতাম ।
শেষাবধি যখন উদ্যানে পাওয়া গেল কিছু গোলাপের পাঁপড়ি - ছুঁয়ে
দেখার আগেই সে টিয়ার ঠোঁট , কাকাতুয়া শিখে গেছে নামের বানান ।
তারও আগে ময়মনসিংহ-গীতিকা থেকে উড়ে এসেছে শুকপাখি ।
ভোর হলেই চড়ুইয়ের ডাক আর রাত নামলেই পুরোনো কোকিল ।
জল বাড়লে মাছরাঙা ডুব দিয়ে যাবে বলেছে ।
তোমাদের একটাই বটতলা, সেখানেো কাক ।
শূণ্যতার মরুভূমি কখনো অরণ্য হয় যদি
আগে-ভাগে বলে রাখি দোয়েল ভালোবাসবো ফের ...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


