১.
পিছনের প্লটে বিল্ডিং এর কাজ চলছে। রাজমিস্ত্রির যোগালী এক তরুন। বরিশালের আঞ্চলিক ভাষায় কথা বলে সারাক্ষণ। সারাদিন হাড়ভাঙ্গা খাটুনি – রাজমিস্ত্রিকে ইট-বালু-সিমেন্ট সাপ্লাই দেয়া, তার টুকটাক ফাই-ফরমাস খাটা ইত্যাদি। সন্ধ্যার পর তরুণ ক্যাসেট প্লেয়ারে অজানা সব শিল্পীর মারাত্মক সব গান শুনে। যেমন এক মহিলা শিল্পীর গাওয়া একটা গান প্রায়ই শুনে -
“ও নাটোরের দুলাভাই
তোমার সাথে চড়বো না আর রিশকাতে”
নাটোরের দূলাভাই রিক্সার ঝাকুনির সূযোগ নিয়ে শ্যালিকার সাথে কি বাদরামি করেছিল সেই নিয়েই তার এই গান। যাই হোক। তরুণ গান শোনার সাথে সাথে মাঝে-মধ্যে উচ্চস্বরে মোবাইলে কথা বলে আত্মীয়-স্বজন আর বন্ধু-বান্ধবদের সাথে। সবই বরিশালের আঞ্চলিক ভাষায়।
একদিন হঠাৎ শুনি তরুণ কথা বলছে প্রায় শুদ্ধ বাংলায়। কথার ধরণ বুঝা গেল অপর প্রান্তে কোন বালিকা।
একগাল হাসলাম। দিন বদলাচ্ছে। বালিকারা হয়তো টেরই পায় না অদেখা তরুণদের কেউ কেউ আসলে আসলে কোন রাজমিস্ত্রির যোগালী
২.
পাশের প্লটটা এখনো খালি। সেখানে ছাপড়া ঘর তুলে বাস করে নোয়াখালীর একটি পরিবার। বয়স্ক বাব-মা, ছেলে আর ছেলের বউ, দুই মেয়ে আর নাতনী। ছেলের বউ আর দুই মেয়ে গার্মেন্টসে কাজ করে। বাবা আর ছেলেও কোথায় জানি কাজ করে। সারাদিন তেমন কেউ থাকে না বাসায়। সন্ধ্যার পরই এদের কথা-বার্তা শোনা যায়। কথা তো না যেন চিৎকার। মোবাইলেও কথা বলে উচ্চস্বরে। আর সবই নোয়াখালীর আঞ্চলিক ভাষায়।
একদিন সন্ধ্যায় বাসায় এসেছি আর শুরু হলো লোডশেডিং। আমি একটু বাতাসের আশায় গেলাম পাশের বারান্দায়। শুনলাম দুই মেয়ের কোন একটা কথা বলছে মোবাইলে। কথা শুনে বুঝা গেল অপর প্রান্তে কোন তরুণ। কিন্তু একি !!! মেয়েটা তো দেখি রীতিমতো শুদ্ধ বাংলায় কথা বলছে ! শেষ কথা শুনলাম মেয়েটা বলছে “এতো কথা বলার ইচ্ছা থাকলে ১০০ টাকা ফ্লেক্সি করেন। আমার মোবাইল খালি …”
আবারও হাসলাম। দিন বদলের পালায় হয়তো বলি হচ্ছে এরকম হাজারও বেকুব তরুণ প্রতিনিয়ত।
৩.
সেদিন ইয়াহুতে লগ-ইন করে ভাবলাম চ্যাটরুমে একটু ঢু মারি। দেশি এক রুমে ঢুকতেই … হক নামের এক মেয়ের মেসেজ “হাই” আমিও প্রতি উত্তরে বললাম “হাই”। সাথে সাথেই আবার মেসেজ যার মর্মার্থ হলো ফোন সেক্স করতে চাইলে ০১৯১১৪৯৯৭.. নম্বরে ৫০ টাকা রিচার্জ কেন।
হাসলাম। দিন আসলেই বদলাচ্ছে।
৪.
আমার দেশ পত্রিকার শ্রেনীভূক্ত বিজ্ঞপনগুলি আমার কাছে চরম বিনোদন। কোন কাজ না থাকলে আমি এইসব গিলি। কয়েকদিন ধরে একটা এড দেখছি। বন্ধুত্ব করার জন্য দেশী এক সাইট ভিজিটের আমন্ত্রণ। আজকে ঢুকলাম সেই সাইটে। দেখলাম। মেয়েদের বিজ্ঞাপন দিতে কোন টাকা-পয়সা লাগে না। তবে আপনি মেয়েদের ফোন নাম্বার চাইলে মাত্র ১২০০ টাকা খরচ করতে হবে। বিশ্বাস না হলে ঘুরে আসতে পারেন।
এবার আর হাসলাম না। কারণ মনে হচ্ছে দিন আসলেই বদলেছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



