একশ’ কোটি মানুষের দেশে একজনই শাহরুখ খান। তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন তারকা। বিশ্বের ৫০ জন প্রভাবশালী ব্যক্তির মধ্যে তিনি একজন। কিন্তু এটা তো সত্যি যে, মাত্র ১৫ কোটি মানুষের দেশে একজনই শাকিব খান। শাহরুখ খানকে ছোট করার জন্য নয়, বরং দেশীয় সংস্কৃতি আর দেশীয় শিল্পীদের ভাবমূর্তি আর সম্মানের কথা ভেবেই বলা হচ্ছে—শাকিব খান এ অনুষ্ঠানে অংশ না নিলে কী এমন সমস্যা হতো? ভারতীয় সংস্কৃতির জনপ্রিয়তা আর অনুকরণ আমাদের দেশে রেওয়াজে পরিণত হয়েছে! বাংলাদেশে শাকিব খান এখন বড় এক সম্পদ। তিনি এ দেশের সিনেমা শিল্পে যে রেকর্ড তৈরি করেছেন তা অন্য অনেক দেশের শিল্পীরাই পারেননি। নিজের আর নিজেদের শিল্পের সম্মানের কথা বিবেচনা করে শাহরুখের অনুষ্ঠানে কেবল একজন ড্যান্সার হয়ে কাজ করতে সম্মত হওয়া কতখানি সম্মানের?—এটা বোধকরি শাকিব খানের বিবেচনা করার মতো সময় নেই। তবে যারা নিজেদের সম্মান দিতে জানেন না, তাদের কাছ থেকে অন্যদের জন্য সম্মান আশা করা অর্থহীন। শাকিব খান নিজেই জানেন না এ অনুষ্ঠানে ড্যান্সার হয়ে কাজ করলে তার সম্মান মোটেও বাড়বে না। যিনি এটা বোঝেন না তিনি চলচ্চিত্র শিল্প অথবা গোটা দেশের সম্মান কীভাবে বুঝবেন! শাকিব নিজেও খুব ভালোভাবে জানেন, শাহরুখ খান এদেশে অনেক বেশি জনপ্রিয়। মানুষ তাকে দেখতেই স্টেডিয়ামে যাবেন। এমন অবস্থায় তার মতো নায়কের অযাচিত উপস্থিতি দর্শকের বিরক্তির কারণ হতেও পারে! তবে শুধু শাকিব খান বলে কথা নয়, দেশীয় সংস্কৃতি আর বাংলা গানের জন্য যিনি অনেক যুদ্ধ আর প্রতিবাদী কথা বলেন সেই কুমার বিশ্বজিত্ই বা কী করে এমন একটি বিদেশি সংস্কৃতির আয়োজনে নিজেকে বিকিয়ে দিলেন। প্রচার-প্রচারণায় একজন শাকিব খান, একজন কুমার বিশ্বজিত্ কী দেখছেন না—অনুষ্ঠানের আগেই তাদের অবস্থান কোন পর্যায়ে? পোস্টারে তাদের খুঁজেই পাওয়া যাচ্ছে না! আর বিজ্ঞাপনে তো তাদের কোনো অবস্থানই নেই! বিষয়টি নিয়ে সুধীমহল বার বার বলছেন একটি কথা—শাহরুখ কেন যে কোনো যোগ্য মানুষকেই আমাদের সম্মান দেয়া উচিত, কিন্তু নিজেদের বিকিয়ে দিয়ে নয়। আর কালা হোক লুলা হোক—আমাদের সন্তানদের আমরা ভালোবাসি। শাকিব, বিশ্বজিত্রা আমাদেরই সন্তান, আমাদেরই গর্ব। ভারতীয়দের আমরা সর্বক্ষেত্রে অনুকরণ করি—দেশপ্রেমের ক্ষেত্রে কী ভারত আমাদের অনুকরণীয় হতে পারে না?
আমার দেশ
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ৮:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



